ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেসি রাইডারের শতকের সুবাদে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড প্রথম পালায় ৫ উইকেট হারিয়ে করেছে ৩৩১। ভারতের চেয়ে এখনো ১৫৬ রানে পিছিয়ে আছে তারা।
৮৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন কেন উইলিয়ামস ।
প্রথম পালায় ভারত করে ৪৮৭।
আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে শনিবার ২ উইকেটে ৬৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও রস টেলর দুজনই এদিন নিজেদের অর্ধশতক তুলে নেন। ৫৬ রান করে হরভজন সিংয়ের বলে সাজঘরে ফিরে যান টেলর। দলীয় রান ১৩১।
আর মাত্র ৬ রান যোগ হওয়ার পর তাকে অনুসরণ করে ম্যাককালামও। তিনি ৬৫ রান করে প্রজ্ঞান ওঝার বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়েন।
লড়াই চালিয়ে যেতে থাকেন জেসি রাইডার ও টেস্ট অভিষেক হওয়া উইলিয়ামস। ভারতের বোলারদের হতাশায় ডুবিয়ে দৃঢ়তার সঙ্গে ব্যাট করতে থাকেন দু'জন।
শ্রীশান্তের ১৮ ওভারের প্রথম বলে চার মেরে নিজের তৃতীয় টেস্ট শতক তুলে নেন রাইডার। তবে মাত্র এক বল খেলার পরই এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথ ধরতে হয় তাকে। ২০৫ বলে খেলা তার ১০৩ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কার মার।
এরপরই দিনের খেলা শেষ হয়ে যায়।
ভারতের পক্ষে দু'টি উইকেট নেন প্রজ্ঞান ওঝা।
এর আগে বিরেন্দ্র শেবাগ ও রাহুল দ্রাবিড়ের শতক এবং হরভজন সিংয়ের অর্ধশতকে সুবাদে প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ৪৮৭ রান তোলে ভারত। শেবাগ ১৭৩, দ্রাবিড় ১০৪ ও হরভজন ৬৯ রান করেন।
নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ৪ উইকেট নেন ১১৮ রানে। জিতেন প্যাটেল ১৩৫ রানে নেন ৩ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৪৭ ঘ.
bdnews24