ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ জয়ের হাতছানি এখন পাকিস্তানের সামনে। আবুধাবিতে পাঁচ ম্যাচ একদিনের সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকাই কিছুটা এগিয়ে ছিল। তবে চার ম্যাচ শেষে সিরিজের ফল এখন ২-২।
প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকা সহজে জিতলেও, পরের তিন খেলায় লড়াই হয়েছে।
সিরিজ নির্ধারণী পঞ্চম একদিনের খেলাটি হবে ৮ নভেম্বর, দুবাইয়ে।
এই খেলায় যে দল জিতবে সিরিজ তাদেরই। এ অবস্থায় পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস সিরিজ জয়েরই স্বপ্ন দেখছেন। তিনি বলেন, " যে ব্যাটিং নিয়ে আমাদের সবচেয়ে ভয় ছিল তা এখন অনেকটাই কেটে হয়েছে। সবচেয়ে বড় কথা চাপের মুখে ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা খেলার চেষ্টা করছে। দুটি ম্যাচ জয়ের কারণ সেটাই। ভাগ্য ভালো হলে তৃতীয় ম্যাচটিতেও আমরা জিততে পারতাম। তবে আমাদের লক্ষ্য এখন শেষ ম্যাচ।"
ওয়াকারের মতে দ্বিতীয় ম্যাচে আব্দুল রাজ্জাকের অবিশ^াস্য শতরানের পরই দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। তারই প্রতিফলন ঘটেছে পরের দুই খেলায়। এই ধারাটাই তার দল এখন ধরে রাখতে চায়।
পাকিস্তানের কোচ দলের বোলিং নিয়েও খুশি। তবে ফিল্ডিং নিয়ে এখনও ভাবনায় আছেন তিনি। বলেন, " এই একটি জায়গাতেই আমাদের দল বেশ পিছিয়ে রয়েছে। যেখানে অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা। শেষ খেলায় ফিল্ডিংই দ'ুদলের তফাৎ গড়ে দিতে পারে।"
একদিনের সিরিজ শেষে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে পাকিস্তান।
১২ নভেম্বর দুবাইতে শুরু হবে প্রথম টেস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/১৭৪৪ ঘ.
bdnews24