২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার সামনে ইতিহাস গড়ার হাতছানি

ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে শ্রীলঙ্কা। শুক্রবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই সে দেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতবে দ্বীপ দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 11:18 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে শ্রীলঙ্কা। শুক্রবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই সে দেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতবে দ্বীপ দেশটি। মেলবোর্নে প্রথম একদিনের খেলায় জিতে তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাসিথ মালিঙ্গা অসাধারণ ব্যাট করেন প্রথম খেলায়। জেতার জন্য ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ১০৭ রানেই ৮ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। এরপরই একদিনের ক্রিকেটে নবম উইকেট জুটিতে রেকর্ড ১৩২ রান করেন তারা। সেই সঙ্গে জয়ও ছিনিয়ে নেন অস্ট্রেলিয়ার কাছ থেকে। অস্ট্রেলিয়ার বোলিংয়ে সেই ধার এখন যে আর নেই তা আবারো স্পষ্ট হয়ে ওঠে খেলায়। ব্যাটিংও তারা ভালো করতে পারছে না। এ সব ঠিক-ঠাক করে দলকে জয়ের ধারায় ফিরিয়ে আনার দায়িত্ব এখন অধিনায়ক রিকি পন্টিংয়ের। কিন্তু কতটা সফল হবেন তিনি তা সময়ই বলে দেবে। প্রথম খেলায় দাদীর শেষকৃত্যে যোগ দেয়ায় খেলতে পারেননি পন্টিং। তবে মেলবোর্নে জিতলেও শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা দলের শীর্ষ ব্যাটসম্যানদের সাবধান করে দিয়েছেন। বলেছেন, বারবার ম্যাথিউস ও মালিঙ্গা এমন অলৌকিক ইনিংস খেলবেন না। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন দেখা যেতে পারে। ব্যাটস্যান চামারা সিলভার জায়গায় খেলতে পারেন জীবন মেন্ডিস। চোট পাওয়ায় অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান শন মার্শ। তার জায়গা নিয়েছেন কুলাম ফার্গুসন। যদিও তার খেলার সম্ভাবনা নেই। কারণ খেলবেন পন্টিং। বোলিংয়ে গত ম্যাচে অভিষেক হলেও জাভিয়ের ডোহার্টিই এখন অজিদের বড় ভরসা হয়ে উঠেছেন। তার সঙ্গে থাকছেন মিচেল জনসন ও জন হেস্টিংস। সিডনির উইকেট স্পিন-সহায়ক। একথা জানিয়েছেন পিচ কিউরেটর। এদিকে আবার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭০৮ ঘ.