২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের কাছে এভাবে হার 'ক্ষমার অযোগ্য': গ্রেটব্যাচ

বাংলাদেশের কাছে একদিনের সিরিজে ৪-০ ব্যবধানে হার মেনে নিতে পারেননি নিউজিল্যান্ড কোচ মার্ক গ্রেটব্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 12:43 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কাছে একদিনের সিরিজে ৪-০ ব্যবধানে হার মেনে নিতে পারেননি নিউজিল্যান্ড কোচ মার্ক গ্রেটব্যাচ। এই হারকে অভিহিত করেন তিনি 'অমার্জনীয়' বলে। খেলোয়াড়দেরও তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, একেবারে 'নির্বোধের মতো খেলেছেন' তারা। দলের টপ-অর্ডার ব্যাটসম্যানদেরও প্রচণ্ড সমালোচনা করেন গ্রেটব্যাচ। লাইভস্পোর্টকে কিউই কোচ বলেন, "এটা রীতিমতো বিপর্যয়কর ও হতাশার। আক্ষরিক অর্থেই, আমরা খেলেছি একেবারে নির্বোধের মতো"। টপ-অর্ডার ব্যাটসম্যানদের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, "আমার মনে হয় কয়েকজন ব্যাটসম্যান আসলেই ভালো নন। তারা নিজেদের যতটা ভালো খেলোয়াড় মনে করেন, আসলে তারা ততটা ভালো নন।" খেলোয়াড়দের মানসিক দিকেও সমস্যা আছে বলে গ্রেটব্যাচ মনে করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "মানসিক দিক দিয়েও আমাদের সঠিক পথে ফিরে আসতে হবে। কখনো ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। কখনো আবার আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে।" ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। প্রথমটি শুরু হবে ৪ নভেম্বর আহমেদাবাদে। তৃতীয়টি হবে নাগপুরে। শুরু হবে ২০ নভেম্বর। এই সিরিজ সম্পর্কে তিনি বলেন, দেশের মাটিতে ভারতের রেকর্ড খুবই ভালো। তাই অন্তত দুই খেলায় ড্র করা হবে খুবই ভালো ফলাফল। এরপর পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত ও নিউজিল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৮১৬ ঘ.