২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সান'র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পিসিবি

ইংল্যান্ডের ট্যাবলয়েড 'দ্যা সান'র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেপ্টেম্বরে পাকিস্তান-ইংল্যান্ড একদিনের সিরিজের তৃতীয় খেলাটি জুয়াড়িরা প্রভাবিত করেছিল বলে ট্যাবলয়েডে অভিযোগ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 12:43 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের ট্যাবলয়েড 'দ্যা সান'র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেপ্টেম্বরে পাকিস্তান-ইংল্যান্ড একদিনের সিরিজের তৃতীয় খেলাটি জুয়াড়িরা প্রভাবিত করেছিল বলে ট্যাবলয়েডে অভিযোগ করা হয়। ওভালের ওই খেলার আগেই পত্রিকাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছিল, খেলায় রান তোলার ধরন সম্পর্কে আগে থেকেই জানতো জুয়াড়িরা। খেলায় পাকিস্তান জেতে ২৩ রানে। পত্রিকাটির এই অভিযোগ নিয়ে তদন্তের ঘোষণা দেয় আইসিসি। তবে সন্দেহের তালিকায় কোন দলটি রয়েছে আইসিসির বিবৃতিতে তা এড়িয়ে যাওয়া হয়। এর পরপরই ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়রা নির্দোষ বলে দাবি করে। ফলে সন্দেহের আঙ্গুল ওঠে পাকিস্তানের দিকে। পত্রিকাটি পাকিস্তানের ইনিংস নিয়ে তদন্ত চলছে বলে জানানোয় সন্দেহ আরো জোরালো হয়ে ওঠে। এ ঘটনার পরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ইজাজ বাট তীব্র সমালোচনা করেন ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড, ইংল্যান্ড দল ও আইসিসির। তিনি বলেন, "পাকিস্তানের ক্রিকেটের সুনাম নষ্ট করার ষড়যন্ত্র চলছে।" শেষ পর্যন্ত আইসিসির তদন্তে পাকিস্তান নির্দোষ প্রমাণিত হয়। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, এই অভিযোগের ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮২৪ ঘ.