ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কাছে একদিনের সব খেলায় হারের প্রভাব পড়েছে নিউজিল্যান্ড দলে। দেশটির 'এ' দল থেকে ছয়জনকে ডাকা হয়েছে টেস্ট দলে।
ভারত সফরে নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান ক্যান উইলিয়ামসন ও ফাস্ট বোলার হ্যামিশ বেনেট। এছাড়া 'এ' দলের মার্টিন গুপটিল, ব্রেন্ট আর্নেল, ক্রিস মার্টিন, টিম ম্যাকিনটোস, গ্যারেথ হোপকিন্স ও জিতেন প্যাটেল জিম্বাবুয়ে থেকে সরাসরি ভারতে এসে দলের সঙ্গে যোগ দেবেন। বর্তমানে নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে জিম্বাবুয়েতে রয়েছেন তারা।
তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৪ নভেম্বর আহমেদাবাদে। আন্তর্জাতিক টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত বর্তমানে শীর্ষে রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে হারলেও উইলিয়ামসন ঠিকই তার একদিনের ক্রিকেট-জীবনের প্রথম শতক আদায় করে নিয়েছিলেন। এছাড়া দুই খেলায় ২৪.৩৩ গড়ে বেনেট উইকেট নিয়েছেন তিনটি।
দলের অধিনায়ক হিসেবে থাকছেন যথারীতি ড্যানিয়েল ভেট্টোরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৬৫০ ঘ.
bdnews24