ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতায় জয় দিয়ে শুরু করেছে চট্রগ্রাম, বরিশাল এবং রাজশাহী বিভাগ।
শনিবার রাজধানীর মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মুখোমুখি হয় চট্রগ্রাম বিভাগের। টস জিতে ব্যাট করতে নেমে চট্রগ্রাম নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৫ রান করে। রেজাউল করেন ৪৭ রান। ৩৯ রান আসে ফয়সাল হোসেনের ব্যাট থেকে। নাফিস ইকবাল ৩৩ ও নাজিমউদ্দিন ৩৫ রান করেন।
ঢাকার পক্ষে দু'টি করে উইকেট নিয়েছেন মাহমুদুল্লাহ এবং মোহাম্মদ শরীফ।
ঢাকা ব্যাট করতে নামার পর সবার দৃষ্টি ছিল জাতীয় দল থেকে বাদ পড়া মোহাম্মদ আশরাফুলের দিকে। দেখেশুনে খেলছিলেন তিনি। কিন্তু ৪০ রান করার পরই তাকে থামিয়ে দেন নাজমুল ইসলাম। ৫২ রান আসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে। সব মিলিয়ে ঢাকা ৪৭.২ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে যায়। ২৩ রানে প্রথম ম্যাচ জিতে চট্রগ্রাম।
রাজশাহী ভেন্যুর খেলায় সিলেট বিভাগকে ৫ উইকেটে হারায় বরিশাল বিভাগ।
শনিবার সকালে শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায়।
টসে জিতে ব্যাট করতে নেমে সিলেট ৪৯ দশমিক ৫ ওভারে ২১০ রানে অলআউট হয়। অধিনায়ক অলক কাপালি ৮২ বলে ৫৯ রান এবং তান্না ৪৩ বলে ৪৪ রান করেন।
জবাবে বরিশাল দল ৫ উইকেটে জয় তুলে নেয়। অধিনায়ক শাহরিয়ার নাফীস ৫ রানে আউট হলেও বরিশাল ৪৭ দশমিক ৩ ওভারে নির্ধারিত ২১১ রান করে। বরিশাল দলের রকিবুল হাসান অপরাজিত ৯০ রান করে ম্যাচ সেরা হয়েছেন।
বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে রাজশাহী বিভাগ সাব্বির রহমানের শতরানে খুলনার বিপক্ষে ১১১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
শনিবার সকালেই খুলনার বোলার ডলার মাহমুদের বলে মিথুনের হাতে ক্যাচ দিয়ে ১০ রানে সাজঘরে ফেরেন রাজশাহীর জুনায়েদ। জহুরুল ৪১ বলে ৫০ রান করে সেই ডলারের বলেই আউট হন।
এরপর সাব্বির ৩টি ছক্কা ও ৬ টি চারে ১১২ বলে ১১২ রান করেন। সব মিলিয়ে তারা করে ৩০১ রান।
জবাবে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান বিহীন খুলনা ৪২.১ ওভারে ১৯০ রানে আল আউট হয়ে যায়। ৪২ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন রাজ্জাক। ওমিত করেন ৩৫ রান। সোহরাওয়ার্দী শুভ ৩৫ রানে ৩টি, নাঈম ইসলাম ৪০ রানে ২টি, নাসির, সাব্বির ও সাকলাইন সজিব ১টি করে উইকেট পান।
১১১ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। শতরান ও এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাব্বির রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০০৮ ঘ.
bdnews24