ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের একদিনের দলের অধিনায়ক শহিদ আফ্রিদি ও কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে সে দেশের ক্রিকেট বোর্ডের আবারো বিরোধ লেগেছে।
পাকিস্তানের ইংরেজী দৈনিক 'দ্য নিউজ' জানায়, চোটের জন্য মোহাম্মদ ইউসুফ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে খেলতে না পারায় তার জায়গায় অলরাউন্ডার শোয়েব মালিককে চেয়েছিলেন অধিনায়ক ও কোচ। কিন্তু তাদের কথায় কান না দিয়ে নির্বাচকরা মোহাম্মদ ইউনুসকে দলে নিয়েছেন।
সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে।
আফ্রিদি এবং ওয়াকারের যুক্তি দিয়েছিলেন, অলরাউন্ডার হিসেবে একদিনের সিরিজে ইউনুসের চেয়ে মালিকই বেশি কার্যকর। কারণ ইউনুস মূলত টেস্ট খেলোয়াড়।
কিন্তু প্রধান নির্বাচক মোহসিন খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ইজাজ বাটের পরামর্শে ইউনুসকেই একদিনের দলে নেন।
ইউনুস এখন লাহোরে পাকিস্তান দলের অনুশীলণ ক্যাম্পে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯২২ ঘ.
bdnews24