২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া

একদিনের সিরিজের দ্বিতীয় খেলায় বিরাট কোহলির শতক এবং সুরেশ রায়না ও যুবরাজ সিংয়ের অর্ধশতকের সুবাদে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ফলে তিন ম্যাচ সিরিজে ভারত ১-০ তে এগিয়ে গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 09:29 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের সিরিজের দ্বিতীয় খেলায় বিরাট কোহলির শতক এবং সুরেশ রায়না ও যুবরাজ সিংয়ের অর্ধশতকের সুবাদে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ফলে তিন ম্যাচ সিরিজে ভারত ১-০ তে এগিয়ে গেল। ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। তৃতীয় ম্যাচটি হবে ২৪ অক্টোবর রোববার। কোচিতে প্রথম একদিনের ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। টস হেরে ব্যাট করতে নেমে মাইকেল ক্লার্কের শতক এবং মাইকেল হাসি ও ক্যামেরন হোয়াইটের অর্ধশতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ২৮৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৫ উইকেট হারিয়ে ২৯২ রান করে ফেলে ভারত। খেলেছে ৪৮ ওভার ৫ বল। জয়ের জন্য ২৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল ভারত। ৩৫ রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে ২ উইকেট। অজি পেসার ক্লিন্ট ম্যাককের করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। ব্যক্তিগত ১৫ রানের মাথায় ম্যাককের বলেই উইকেটরক্ষক টিম পেইনের হাতে ক্যাচ দিয়ে এবার আউট হয়ে যান মুরালি বিজয়। সেখান থেকে তৃতীয় উইকেটে বিরাট কোহলি এবং যুবরাজ সিং ১৩৭ রানের জুটি গড়ে ভারতকে লড়াইয়ে ফেরান। ব্যক্তিগত ৫৮ রানে ম্যাককের তৃতীয় শিকারে পরিণত হন যুবরাজ। তার হঠাৎ দেয়া ধীরগতির বলে বোল্ড হয়ে যান যুবরাজ। চতুর্থ উইকেটে এসে ব্যাটিং ঝড় তোলেন রায়না। ৯ বাউন্ডারি ও একটি ওভারবাউন্ডারির সহায়তায় মাত্র ৪৭ বলে অপরাজিত ৭১ রান করেন তিনি। এর মধ্যেই নিজের তৃতীয় একদিনের শতক তুলে নেন কোহেলি। ১২১ বলে ১১৮ রান করেন তিনি। এছাড়া যুবরাজ ৮৭ বলে ৫৮ রান করেন। বিশাখাপত্তমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। কোন রান না করেই আশিষ নেহরার বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন শন মার্শ। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান টিম পেইনও দ্রুত তাকে অনুসরণ করেন। বোলার এবারো সেই নেহরা। তারপরই ক্লার্ক ও হাসি তৃতীয় উইকেটে ১৪৪ রানের জুুটি গড়েন। ৬৯ রান করে হাসি অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে যান। ৭৮ বলের ইনিংসে তিনি সাতটি বাউন্ডারি মারেন। এরপর ক্লার্ক এবং হোয়াইট ১২৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন। ক্লার্ক একদিনের খেলায় তার পঞ্চম শতক তুলে নেন (১১১)। আর মাত্র ৪৯ বলে ছয় ছক্কা এবং ছয় বাউন্ডারিতে ৮৯ রান তুলে অপরাজিত থাকেন হোয়াইট। এ খেলায় চার ক্রিকেটারের ওয়ানডে অভিষেক হয়েছে। ভারতের পক্ষে প্রথমবারের মত একদিনের ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন শিখর ধাওয়ান এবং সৌরভ তিওয়ারি। অজি দলে আছেন অলরাউন্ডার জন হেস্টিং এবং ফাস্ট বোলার মিশেল স্টার্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এসএনএল/২৩১৮ ঘ.