ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সফরে ব্যর্থতার জন্য জবাবদিহি করতে হচ্ছে নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি, কোচ মার্ক গ্রেটব্যাচ এবং ক্রিকেট উন্নয়ন পরিচালক রজার মর্টিমারকে।
সফরে একদিনের সিরিজে বাংলাদেশের কাছে ০-৪ ম্যাচে হোয়াইটওয়াশ হওয়াকে তাদের দেশের ক্রিকেট ইতিহাসে বিপর্যয় হিসেবেই দেখছে নিউজিল্যান্ডের ক্রিকেট মহল।
এই তিনজনকে আগামি ২২ অক্টোবর তলব করা হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সভাতে। সেখানেই বাংলাদেশ সফরে ভয়াবহ ব্যর্থতার ময়নাতদন্তের প্রতিবেদন দেয়া হবে।
ওই সভায় কিউইদের পরবর্তী ভারত সফর নিয়ে আলোচনা করা হবে। ওই সফরের দল গড়া নিয়েও হবে কথাবার্তা। ২৪ অক্টোবর ভারত সফরের জন্য কিউই দল ঘোষণা করা হবে।
ভারত সফরে নিউজিল্যান্ড তিনটি টেস্ট এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে।
বাংলাদেশের কাছে হেরে নিউজিল্যান্ড আইসিসির ওয়ানডে র্যাঙ্কিয়ে সাত নম্বরে নেমে গেছে। ২০০৫ এর নভেম্বরের পর তারা র্যাঙ্কিয়ের এত নীচে আর নামেনি।
তবে কিউই ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার জিওফ অ্যালট বলেছেন, বাংলাদেশ বিপর্যয়ের পরও বোর্ডে কিংবা দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বলেন ''বর্তমান ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের ওপর সবার আস্থা রয়েছে। তবে আমরা পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে সিদান্ত নেব।''
অ্যালট বলেন ''বিশ^কাপের আগে উপমহাদেশের মাটিতে এ ধরনের হার সত্যিই উদ্বেগজনক। সব বিভাগেই বাংলাদেশের কাছে পর্যুদস্ত হয়েছে নিউজিল্যান্ড। অভিজ্ঞরা যেমন দলকে পথ দেখাতে পারেনি, তেমনি ব্যাটিং ব্যর্থ হয়েছে চরমভাবে। বিশ^কাপের আগে আমাদের পথে ফিরতেই হবে।''
অধিনায়ক ভেট্টোরি স্বীকার করেছেন নিউজিল্যান্ড ক্রিকেটে এমন বিপর্যয় অনেকদিন ঘটেনি। এর থেকে দ্রুত দলকে বের হয়ে আসতে হবে।
এদিকে নিউজিল্যান্ডের প্রচারমাধ্যমও সমালোচনায় মুখর এখন। কেউ কেউ একে তুলনা করছে ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের সেই ২৬ রানে অলআউট হওয়ার ঘটনাকে। নামী পত্রিকা 'নিউজিল্যান্ড হেরাল্ড' শিরোনাম দিয়েছে ''যে দুঃস্বপ্নের তুলনা নেই।''
তাদের প্রশ্ন কিউই ক্রিকেটে এর চেয়ে বাজে আর কি ঘটতে পারে?
প্রচারমাধ্যমগুলো এই বিপর্যয়ের জন্য মুলত দলের ব্যাটসম্যানদের দায়ী করেছে। তাদের কথা, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের স্পিনারদের খেলতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৬২৮ ঘ.
bdnews24