২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে ডাক পেলেন ওহাব-শাহজাইব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন শাহজাইব হাসান এবং ওহাব রিয়াজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন শাহজাইব হাসান এবং ওহাব রিয়াজ। ২৬ অক্টোবর টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে খেলা শুরু হবে। ফয়সাল ব্যাংক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় করাচী ডলফিন ক্লাবের উদ্বোধনী ব্যাটসম্যান শাহজাইব এবং ফাস্ট বোলার ওহাব চমৎকার নৈপুণ্য দেখান। এর পুরস্কার স্বরূপই তাদের জাতীয় দলে ডাকা হয়েছে। ফলে পাকিস্তান প্রাথমিক দলের সদস্য দাঁড়ালো ১৭। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 'হোম' সিরিজের জন্য পাকিস্তানের নির্বাচিত দল নিয়ে এরই মধ্যে বহু সমালোচনা হয়েছে। এ মাসের শুরুতে যখন প্রাথমিক দল ঘোষণা করা হয় তখন কোনো অধিনায়কের নাম জানানো হয়নি। এক দিন পর টি-টোয়েন্টি ও একদিনের দলে শহীদ আফ্রিদিকেই অধিনায়ক রাখা হলেও টেস্ট দলে অনেকটা অপ্রত্যাশিতভাবে মিসবাহ উল হককে অধিনায়ক ঘোষণা করা হয়। মিসবাহকে অধিনায়ক করায় প্রকাশ্যেই নিজেদের আপত্তির কথা বলেন দলের কোচ ওয়াকার ইউনুস ও শহীদ আফ্রিদি। অভিযোগ করেন তাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই দল ও অধিনায়ক নির্বাচন করা হয়েছে। পাকিস্তান দলের প্রধান নির্বাচক মহসিন খান বলেন, "গত সপ্তাহে ফয়সাল ব্যাংক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ওহাব ও শাহজাইবের চমৎকার নৈপুণ্যের ওপর ভিত্তি করেই তাদের দলে ডাকা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ইজাজ বাটও অনুমতি দিয়েছেন।" ২৫ বছর বয়সী ওহাব লাহোর লায়নের হয়ে খেলেন। তিনি টেস্ট দলেও ডাক পেয়েছেন। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে ৫ উইকেট পান ওহাব। ২০ বছর বয়সী শাহজাইব 'ফয়সাল ব্যাংক টি-টোয়েন্টি' প্রতিযোগিতায় একটি শতক ও দু'টি অর্ধ-শতকের সহায়তায় চার খেলায় ২৮১ রান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/২০১৫ ঘ.