ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। রোববার এক বিবৃতিতে এই জয়কে তিনি অভিহিত করেন ঐতিহাসিক ও অবিস্মরণীয় বলে।
দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "আমাদের দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে হবে।"
তিনি খেলোয়াড়দের সুস্বাস্থ্যও কামনা করেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, "বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের এই স্থানে উঠে এসেছে। এই জয়ে বাংলাদেশের জনগণ খুবই আনন্দিত হয়েছে।" ভবিষ্যতেও ক্রিকেটাররা এভাবে দেশকে জয় উপহার দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পাঁচ ম্যাচের সিরিজ বাংলাদেশ ৪-০ ব্যবধানে জিতে নিল। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে গেলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজও রয়েছে অষ্টম স্থানে। এর আগে নবম স্থানে ছিল বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় খেলাটি বৃষ্টিতে ভেসে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৮০৮ ঘ.
bdnews24