ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের কাছে 'হোয়াইটওয়াশ' হওয়ার পর অনেকেই পদত্যাগ দাবি করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের। কিন্তু তাদের সঙ্গে মোটেও একমত নন তিনি। সাফ জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়ার জন্য তিনিই সবচেয়ে যোগ্য ব্যাক্তি।
ব্যাঙ্গালোর টেস্ট হারের পর পন্টিংয়ের সমালোচনায় মুখর হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা। তাদের মধ্যে অন্যতম জিওফ লসন। তিনি বলেন, ''এখনই নেতৃত্ব থেকে সরে যাওয়া উচিত ওর (পন্টিং)। আগামী অ্যাশেজ সিরিজে নতুন অধিনায়ক দেখতে চাই।''
তার সঙ্গে সুর মেলান সাবেক অজি স্পিনার শেন ওয়ার্নও। ব্যাঙ্গালোরে নাথান হরিজের বোলিংয়ের সময় পন্টিংয়ের ফিল্ডিং সাজানো নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সব মিলিয়ে কোনঠাসা পন্টিং শুক্রবার বলেন, ''আসলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দলের খেলা নিয়ে আমি হতাশ। কিন্তু মেনে নিতেই হবে, এটাই ক্রিকেট। আমি এখনো শিখছি কিভাবে খেলতে হয়, কিভাবে নেতৃত্ব দিতে হয়। যদি দলের অন্য ক্রিকেটাররাও এভাবে শিখে থাকে তাহলে অ্যাশেজ সিরিজে তা আমাদের কাজে লাগবে।''
পন্টিং বলেন, ''যেদিন অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েছি, সেদিন থেকেই নিজের সেরা খেলাটা খেলার চেষ্টা করছি।''
অনেক বিশ্লেষকই এখন পন্টিংয়ের সহকারী মাইকেল ক্লার্ককে অ্যাশেজ সিরিজে অধিনায়কের দায়িত্ব দেয়ার পরামর্শ দিচ্ছেন। যদিও রান পাচ্ছেন না ক্লার্ক। ভারতের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে করেছেন মাত্র ৩৫।
পন্টিং নিজেও সরে দাঁড়ানোর কথা ভাবছেন না। তার ভাবনায় এখন শুধুই অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ডের সঙ্গে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ শুরু হবে ২৫ নভেম্বর।
তবে সাবেক ক্রিকেটারদের সমালোচনায় কিছুটা হলেও হতাশ হয়েছেন অজি অধিনায়ক। বিশেষ করে, বন্ধু ওয়ার্নের সমালোচনায় বেশ কষ্ঠ পেয়েছেন পন্টিং, ''আমি এরই মধ্যে তাকে (ওয়ার্ন) বার্তা পাঠিয়েছি। আমি ওর কাছে আমার হতাশার লুকাইনি। ওয়ার্ন যখন আমার নেতৃত্ব দিয়ে প্রশ্ন তোলে, তখন কষ্ঠটা একটু বেশি লাগে।''
পন্টিং জানান, বিষয়টা নিয়ে হরিজও টেলিফোনে কথা বলেছেন ওয়ার্নের সঙ্গে।
অজি দলনায়ক মনে করেন, "এখন সব কিছু ভুলে অ্যাশেজের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের প্রস্তুত করে নিতে হবে। না হলে ক্ষতিটা হবে আমাদেরই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৬৪৬ ঘ.
bdnews24