ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাঙ্গালোর টেস্টে ভারতের কাছে হেরে হোয়াইটওয়াশ হওয়ার পরেই অধিনায়ক রিকি পন্টিংয়ের সমালোচনায় ফেটে পড়লেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। জানিয়ে দিলেন, গোটা সিরিজে খেলার কৌশলেই ভুল ছিল পন্টিংয়ের।
সাবেক স্পিন জাদুকরের মতে, পন্টিং ভারতের বিপক্ষে স্পিনারদের ঠিকভাবে কাজে লাগাতে পারেননি। বিশেষ করে, মূল স্পিনার নাথান হরিজকে। তার বোলিংয়ে যেভাবে ফিল্ডিং সাজিয়েছিলেন পন্টিং, সেটাকে এক কথায় ভয়াবহ বলাই চলে।
তিনি বলেন, "উইকেটে অসমান (কোনো কোনো বল প্রত্যাশার চেয়ে বেশি উঠছিল, আবার কোনোটি নিচু হয়ে যাচ্ছিল) বাউন্স এবং যে বাঁক ছিল তাতে শেষদিন হরিজকে কাজে লাগানো যেত। কিন্তু পন্টিংয়ের ভুল ফিল্ডিং সাজানোর জন্য সব শেষ হয়ে গেছে। কোনো সন্দেহ নেই, এই সিরিজ হারে পন্টিং দারুণ চাপে পড়ে গেলেন।"
দুই টেস্টে হরিজ ৬ উইকেট নেন, ৩৯০ রানে। তাকে খেলতে ভারতীয় ব্যাটসম্যানদের কোনো বেগই পেতে হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯১৪ ঘ.
bdnews24