ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কাছে আবারো হেরে খুবই হতাশ নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে সেই হতাশা লুকানোর চেষ্টা করেননি তিনি। বললেন, ''ভালো খেলেই জিতেছে বাংলাদেশ।''
ভেট্টোরি মনে করেন, তার দলের ব্যাটসম্যানরা মোটেও ভালো খেলতে পারেননি। ''আসলে ১৭৩ রান নিয়ে লড়াই করা যায় না। শুরু থেকেই আমরা উইকেট হারিয়েছি। আর সেই ধাক্কা আমরা সামাল দিয়ে উঠতে পারিনি।" ২৪০ রান করলেই জেতা যেতো বলে মনে করছেন কিউই অধিনায়ক।
আগামী বছর এই উপমহাদেশে হবে ক্রিকেট বিশ্বকাপ। তারই প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে সিরিজটাকে বিবেচনা করেছিল নিউজিল্যান্ড। টানা দুই খেলায় হেরে বিশ্বকাপ নিয়ে এখন শঙ্কার মধ্যেই আছেন ভেট্টোরি। তিনি বলেন, ''একথা সত্যিই যে এটা আমাদের জন্য খারাপ খবর। উপমহাদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছি না। এমনটা হলে তো বিশ্বকাপে আমাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সৃষ্টি হতেই পারে।''
তবে ভেট্টোরি মনে করেন, কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। বাংলাদেশের সফরে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বৃষ্টিতে তা ভেসে যায়।
তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ড পিছিয়ে আছে ০-২ তে। বাংলাদেশের সঙ্গে এই সিরিজ ড্র করতে হলে পরের দুই ম্যাচে অবশ্যই তাদের জিততে হবে। এ ব্যাপারে কি ভাবছেন ভেট্টোরি? জিজ্ঞেস করতেই বললেন, ''কি হবে এখনই বলা যায় না। তবে অবশ্যই আমাদের লক্ষ্য পরের দু'টি খেলা জিতে সিরিজ ড্র করা। এ জন্য আমাদের আরো বেশি পরিশ্রম করতে হবে। আমি বিশ্বাস করি তা অসম্ভব কিছুই নয়।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৯৪৬ ঘ.
bdnews24