২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট নিয়ে চিন্তায় ধোনি ও পন্টিং, দু'জনই

ব্যাঙ্গালোরে শনিবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। এই টেস্ট না জিতলে শুধু সিরিজ হারই নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়েও একধাপ নেমে পঞ্চম স্থানে চলে যাবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাঙ্গালোরে শনিবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। এই টেস্ট না জিতলে শুধু সিরিজ হারই নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়েও একধাপ নেমে পঞ্চম স্থানে চলে যাবে তারা। অথচ অধিনায়ক রিকি পন্টিং চিন্তায় আছেন পেসার ডাগ বোলিঞ্জারকে নিয়ে। তিনি খেলবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। না খেললে তার জায়গায় আনকোড়া জেমস প্যাটিনসনের টেস্ট অভিষেক হতে পারে। কথা উঠেছিল মার্কাস নর্থকে বাদ দেয়ার। কিন্তু নাথান হরিজকে সঙ্গ দেয়ার জন্য দ্বিতীয় স্পিনার হিসেবে তাকে ব্যাঙ্গালোরে খেলানো হবে। ভারতীয় দলে আত্মবিশ্বাসের কোনো অভাব না থাকলেও পরিবর্তন আসতে পারে কয়েকটি। এর মধ্যে দু'টি নিশ্চিত। প্রথম টেস্টে চোট পাওয়ায় ইশান্ত শর্মা ও গৌতম গম্ভির খেলছেন না। তাদের জায়গায় দলে ঢুকেছেন শান্তাকুমারন শীশান্ত ও মুরালি বিজয়। মাঠেও দেখা যাবে দু'জনকে। তবে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চিন্তা মোহালি টেস্টে জয়ের নায়ক ভিভিএস লক্ষ্মণকে নিয়ে। পিঠে ব্যথার জন্য দু'দিন অনুশীলন করেননি। কিন্তু টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন, খেলার ব্যাপারে তিনি আশাবাদী। পিঠের অবস্থা এখন অনেক ভালো বলেও তিনি জানিয়েছেন। তারপরও খেলার আগের দিন তাকে 'ফিটনেস' পরীক্ষা দিতে হবে। এতে পাশ করলে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। লক্ষ্মণ যদি খেলতে না পারেন তাহলে ব্যাঙ্গালোরে টেস্ট অভিষেক হবে তরুণ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার। ব্যাঙ্গালোর টেস্টে বাগড়া দিতে পারে বৃষ্টি। গত দু'দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। টেস্ট চলার সময়ও হবে বলে ব্যাঙ্গালোর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে পাঁচ দিনের খেলার কতটা সময় খেলা হবে, তা নিয়ে এখনই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। পুরো পাঁচ দিন খেলা না হলে পন্টিংদের সিরিজ ১-১ এ ড্র করার সুযোগ কমে যাবে অনেকটা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতে ভারত ১-০ তে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/টিআর/১৯২৮ ঘ.