২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো অধিনায়ক সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের বাকি খেলায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা চোটের কারণে দলের বাইরে থাকায় শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টেকনিক্যাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের বাকি খেলায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা চোটের কারণে দলের বাইরে থাকায় শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টেকনিক্যাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ অক্টোবর সিরিজের প্রথম খেলায় নিজের দ্বিতীয় ওভার শুরু করতে গিয়ে চোট পান মাশরাফি। এরপর আর মাঠে নামতে পারেননি। বাকি সময় সহ-অধিনায়ক সাকিব দলের নেতৃত্ব দেন। সেই খেলায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ৯ রানে হারায় বাংলাদেশ। বিসিবি'র মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, " আমরা সাকিবের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। সে (সাকিব) এই সিরিজে অধিনায়কের দায়িত্ব নিতে রাজি হয়েছে। কিন্তু আমরা এখনো কাউকে দলের সহ-অধিনায়ক করিনি। যদি প্রয়োজন পড়ে, তাহলে সাকিব নিজেই মাঠের যে কাউকে এই দায়িত্ব দিতে পারে।" সাকিবকে অধিনায়কের দায়িত্ব দেয়ার আগে এ ব্যাপারে মাশরাফির সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও তিনি জানান। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি চোট পাওয়ার পর অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল সাকিবকে। সিরিজের দ্বিতীয় খেলা শুক্রবার বৃষ্টিতে ভেসে গেছে। তৃতীয়টি হবে ১১ অক্টোবর সোমবার। পাঁচ ম্যাচ একদিনের সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/টিআর/১৭৫৯ ঘ.