২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের খেলা অনিশ্চিত

বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 02:14 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর বদিউল আলম খোকন বলেন, "উইকেট ঢেকে রাখা হলেও আগামীকাল খেলা শুরু করতে হলে বৃষ্টি থামতে হবে। সেই সঙ্গে উঠতে হবে রোদ।'' ঢাকায় বৃহস্পতিবার সারাদিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবারও বৃষ্টি হবে। মাঝে মধ্যেই বয়ে যেতে পারে দমকা হাওয়া। গত মঙ্গলবার প্রথম একদিনের খেলার পর থেকেই ঢেকে রাখা হয়েছে শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট। এ কারণে বদিউল আলম মনে করেন, পিচে আদ্রতা থাকতে পারে। তবে রোদ উঠলেই তা কেটে যাবে। তবে আউট-ফিল্ডে পানি জমেনি। পিচ কিউরেটর জানান, "মাঠের পানি নিষ্কাশণ ব্যবস্থা খুবই ভালো। একটানা বৃষ্টি হওয়ার পরও পানি জমেনি। এটাই আমাদের আশাবাদী করে তুলেছে।" কিন্তু শুক্রবার রোদ ঝলমলে সকাল না হলে সেই আশা ভেঙে যেতে পারে। তবে সকালেই খেলা পরিত্যক্ত ঘোষণা করতে পারবেন না ম্যাচ রেফারি। সিদ্ধান্ত নিতে হলে নিয়ম অনুযায়ী, দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে বাংলাদেশের কাছে সিরিজের প্রথম খেলায় হেরে গেলেও বৃহস্পতিবার বৃষ্টির জন্য অনুশীলন করেনি নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তারা যেন ধরেই নিয়েছেন, দ্বিতীয় একদিনের খেলাটি হচ্ছে না। কেনা-কাটা করে সময় কাটিয়েছেন নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার। অন্যদিকে সকালের দিকে ইনডোরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। চোটের কারণে এই খেলায় খেলতে পারছেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। নেই আরেক ফাস্ট বোলার নাজমুল হোসেনও। এরই মধ্যে তাদের জায়গায় বাংলাদেশ দলে ডাকা হয়েছে দুই পেসার সৈয়দ রাসেল এবং ডলার মাহমুদকে। সফরে কিউইরা বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। প্রথম খেলায় জিতে বাংলাদেশ ১-০ তে এগিয়ে আছে। তবে দু'দেশের হার-জিতের হিসাবটা একেবারে পরিষ্কার। এ পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা হয়েছে ১৮টি। জয়ের পালা কিউইদের দিকে অনেক ভারী। বাংলাদেশের দু'টি জয়ের বিপরীতে কিউইদের জয় ১৬টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৯৫৪ ঘ.