ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - ভারত সফরে একদিনের সিরিজে অস্ট্রেলিয়া দলে নেই অধিনায়ক রিকি পন্টিং, অলরাউন্ডার শেন ওয়াটসন এবং ফাস্ট বোলার মিচেল জনসন। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মঙ্গলবার এই তিনজনকে বিশ্রাম দিয়ে তিন ম্যাচের সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে।
দলের নেতৃত্ব দেবেন মাইকেল ক্লার্ক। ফিরেছেন মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও শন মার্শ। ব্যাটসম্যান হিসেবে আরো রয়েছেন কালুম ফার্গুসন, ক্যামেরন হোয়াইট এবং অলরাউন্ডার জেমস হোপস। দলে জায়গা পেয়েছেন দুই নতুন পেসার জেমস প্যাটিনসন এবং মিচেল স্টার্ক।
প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ বলেছেন, আগামী বছরের শুরুতে বিশ্বকাপের কথা মাথায় রেখেই পন্টিংসহ অন্যদের বিশ্রাম দেয়া হয়েছে।
অস্ট্রেলিয়া দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ক্যামেরন হোয়াইট, ডাগ বোলিঞ্জার, কালুম ফার্গুসন, নাথান হরিজ, জেমস হোপস, মাইক হাসি, শন মার্শ, ক্লিন্ট ম্যাককে, টিম পেইন, জেমস প্যাটিনসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১৪ ঘ.
bdnews24