ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহালিতে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিপদে পড়েছে ভারত। সোমবার খেলার চতুর্থ দিন শেষে ৫৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা।
পঞ্চম ও শেষদিন মঙ্গলবার ভারতের দরকার আরো ১৬১ রান। আর অস্ট্রেলিয়ার প্রয়োজন বাকি ৬ উইকেট।
শচীন টেন্ডুলকার ব্যাট করছেন ১০ রান নিয়ে। অন্য প্রান্তে ৫ রানে অপরাজিত রয়েছেন নাইটওয়াচম্যান জহির খান।
জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে একে একে সাজঘরে ফিরে গেছেন গৌতম গম্ভির (০), বীরেন্দ্র শেবাগ (১৭), রাহুল দ্রাবিড় (১৩) এবং সুরেশ রায়না (০)। ভারতকে এই বিপর্যয়ে ফেলেছেন অজি ফাস্ট বোলার বেন হিলফেনহস।
মাত্র ২২ রানে তিনি একাই ৩ উইকেট তুলে নিয়েছেন। তবে তার বলে গম্ভিরের এলবিডব্লুউয়ের সিদ্ধান্তটি ছিল দুঃখজনক। কারণ বল তার ব্যাটে লেগে প্যাডে লেগেছিল। কিন্তু আম্পায়ার বিলি বাওডেন অজিদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন।
অবশ্য বাকি আউটগুলো নিয়ে কোনো সন্দেহ ছিল না। মোহালির তথাকথিত মরা উইকেটে চতুর্থদিনের শেষ বেলায় বল যথেষ্টই তুলেছেন দুই অজি পেসার হিলফেনহস এবং ডাগ বোলিঞ্জার।
হিলফেনহসের ঠুকে দেয়া বল উঠে আসলে শেবাগ ঠিকভাবে খেলতে পারেননি। বল উঠে যায়। ঠিকানা খুঁজে পায় পয়েন্টে মাইক হাসির হাতে। বোলিঞ্জারের বলে উইকেটের পেছনে টিম পেইনের হাতে ধরা পড়েন দ্রাবিড়। হিলফেনহসেরই আর একটি উঠে আসা বল ঠিকমতো সামলাতে না পেরে স্লিপে মার্কাস নর্থের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান রায়না।
এর আগে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়া ১৯২ রান করলে জেতার জন্য ভারতের দরকার পড়ে ২১৬ রানের।
সোমবার দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে মোটেই সুুবিধা করতে পারেনি অজি ব্যাটসম্যানরাও। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ৫৬ এবং সাইমন ক্যাটিচ ৩৭ রান করে শুভ সূূচনারই ইঙ্গিত দিয়েছিলেন।
কিন্তু এই দু'জনের ফিরে যাওয়ার পর অজিদের ফোলানো বেলুন চুপসে যায়। কারণ আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি।
প্রথম পালার ব্যর্থতা ঘুঁচিয়ে ৩৪ রানে ৩ উইকেট নেন ইশান্ত শর্মা। ৩ উইকেট নেন জহির খানও। রান দেন ৪৩। আর দুই স্পিনার হরভজন এবং প্রজ্ঞান ওঝা নেন দুটি করে উইকেট।
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৯ অক্টোবর, ব্যাঙ্গালোরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/এমএইচ/১৭৫৮ ঘ.
bdnews24