২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া

অধিনায়ক মিচেল মার্শ ও টম ট্রিফিটের অর্ধ-শতকের সুবাদে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 02:08 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

লিঙ্কন, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক মিচেল মার্শ ও টম ট্রিফিটের অর্ধ-শতকের সুবাদে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। বার্ট সাটক্লিফ ওভালে জেতার জন্য শ্রীলঙ্কার দেয়া ২০৬ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া পৌঁছে ৮ উইকেট হারিয়ে। তখনও খেলার বাকি ছিল ৯ বল। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় ২০৫ রানে। রান তারা করতে নেমে বিপদে পড়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলও। মাত্র ৩৮ রানের মধ্যে তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলে পথ হারিয়ে ফেলে তারা। কিন্তু অধিনায়ক মার্শ ৯৭ ও ট্রিফিট ৫০ রান করে পথে ফিরিয়ে আনেন ইনিংসকে। ২০২ রানের মাথায় ট্রিফিট যখন আউট হন, দল তখন জয়ের দ্বারপ্রান্তে। বাকি কাজ সারেন নিক বুকানন ও লিউক ডোরান। শ্রীলঙ্কা মোট ৯ বোলার ব্যবহার করে। ৩ উইকেট নিয়েছেন শারিত জয়ামপাতি, ৩৪ রানে। এছাড়া শাথুরা পেরিস ৪৬ রানে দুই উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। স্কোর বোর্ডে ৩২ রান জমা হতেই ফিরে যান প্রথমদিকের পাঁচ ব্যাটসম্যান। ৮৮ রানের মাথায় আরেকটি উইকেট হারালে শ্রীলঙ্কার রান দেড় শ' পেরুবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দেয়। তবে শেষের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় শ্রীলঙ্কার ইনিংস দু'শ'র কোঠা পেরিয়ে যায়। থামে ২০৫ রানে। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি তারা। ৪৮.২ ওভারে আউট হয়ে যায় সবাই। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন আকশু ফার্নান্দো। এছাড়া কিথুরুয়ান ভিথানাগে ৪০ ও ৩৯ রান করেন অধিনায়ক শাথুরা পেরিস। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জোশ হ্যাজেলউড ৪ উইকেট নেন ২৬ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন অ্যালিস্টার ম্যাকডারমট, নিক বুকানন ও লিউক ডোরান। প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। ফাইনাল হবে ৩০ জানুয়ারি এই বার্ট সাটক্লিফ ওভালেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০০২ ঘ.