ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতকে হাল্কাভাবে নেয়ার খেসারত দিলেন ক্রিকেটাররা দ্বিতীয় টেস্ট খুব খারাপভাবে হেরে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ব্যাটিংয়ের জন্য মানসিকভাবে কেউই প্রস্তুত ছিল না। এতেই বিপর্যয় দেখা দেয়। ভারতীয় পেসার জহির খানও অবাক হয়েছেন স্বাগতিক ব্যাটম্যানদের উইকেট বিলিয়ে দেয়ার প্রবণতা দেখে।
অথচ আগের দিন তামিম ইকবল এবং জুনায়েদ সিদ্দিকী ২০০ রানের দারুণ একটা ইনিংস খেলেছেন। চতুর্থদিন সকালেও নাইটওয়াচ-ম্যাচ সাহাদাত হোসেন এবং মোহাম্মদ আশরাফুল দলের রান এগিয়ে নিচ্ছিলেন পরিকল্পিতভাবেই। কিন্তু ২২ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে দায়িত্বহীন ব্যাটিংয়েরই পরিচয় দিলেন সাকিবরা। সেকথা মানলেন অধিনায়কও।
"হয়তো মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম না। যখন সাহাদাত এবং আশরফুল ব্যাট করছিল, তখন সাজঘর থেকে দেখে মনে হয়েছে ব্যাট করা খুব সহজই হবে। কিন্তু উইকেট যতই সহজ হোক, একজন নতুন ব্যাটসম্যানকে আগে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। আমার মনে হয় তার জন্য কেউ প্রস্তুত ছিলাম না,"ম্যাচ শেষে সাকিবের উপলব্ধী।
আগের দিন সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জোর গলায় বলেছিলেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব বা মোহাম্মদ আশরাফুল, কেউ একজন বড় ইনিংস খেলবেন। অথচ তাদের কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। সংবাদ সম্মেলনে তাই রক্ষণাত্মক ভঙ্গীতে জবাব দিলেন সাকিব, "আমরা জানি কি ধরণের ভুল হচ্ছে এবং আমাদের সমস্যা কোথায়। কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি না। মাঠে গিয়ে ভালোভাবে খেলতে পারছি না।"
ভারতীয় বোলার জহির খান একাই ৭ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন স্বাগতিক দলের দ্বিতীয় ইনিংস। জহির 'জুজু' সংবাদ সম্মেলনেও তাড়িয়ে নিয়ে ফিরছিলো বাংলাদেশ অধিনায়ককে। সাকিব বলেন, "টেস্ট ক্রিকেটে জহির খুবই ভালো বোলার। তাকে মোকাবেলা করা মোটেই সহজ নয়। একই জায়গা টানা বল ফেলতে পারেন। নতুন বলে বাউন্স এবং পুরনো বলে রিভার্স সুইং করেন। আমাদের বিপক্ষে তিনি খুবই ভালো বল করেছেন।"
বিপর্যস্ত বাংলাদেশ দলকে সান্ত্বনা দেন শচীন টেন্ডুলকার। তার কথায় সান্ত্বনাও পেয়েছেন তামিমরা। শচীনের কথা তুলে সাকিব বললেন, "কিছুক্ষণ আগেই শচীন বলছিলেন আগের বছরের চেয়ে এবার অনেক ভালো ব্যাট করেছি আমরা। যদিও অনেকেই রান পাইনি। তারপরও শচীনের মতো বড় ক্রিকেটার যখন আমাদের উন্নতির কথা বলেন, তখন আত্মবিশ্বাস বেড়ে যায়।"
এরপরই ব্যাটিং শুধরে নেয়ার কথা বলেন অধিনায়ক, "ব্যাটিংয়ে আমাদের আরো উন্নতি করতে হবে। প্রতি ইনিংসেই ১০০ রান কম করছি আমরা। সে জায়গায় উন্নতি করতে পারলে, আগামী তিন/চারটা ম্যাচের মধ্যে নিজেদের পক্ষে ফলাফল বের করে আনতে পারবো।"
জহির বাংলাদেশের হার তরান্বিত করলেও অবাক হয়েছেন স্বাগতিক দলের ব্যাটম্যানদের উইকেট বিলিয়ে দেয়ার প্রবণতা দেখে, "সত্যিই এটা অবাক হওয়ার মত বিষয়। তারা চার উইকেটে ২৯০ করার পর বাকি ৭ উইকেটে করেছে ২২। অথচ উইকেটের সুবিধা নিয়ে তাদের অনেক ভালো ব্যাট করার সুযোগ ছিল। হয়তো মানসিকভাবে তারা প্রস্তুত ছিল না।"
দলের সাফল্যে অসামান্য অবদান রাখায় সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন জহির। দলের পারফরমেন্স নিয়ে তিনি বলেন, "আগের (প্রথম টেস্ট) ম্যাচে স্পিন এবং পেস বোলাররা সম্মিলিতভাবে সাফল্য পেয়েছে। কিন্তু ঢাকার উইকেটে স্পিনাররা কোনো সুবিধা পাচ্ছিল না। যথারীতি দায়িত্ব চলে আসে পেস বোলারদের ওপর। আমি সেই দায়িত্ব পালন করতে পারায় ভালো লাগছে।'
বাংলাদেশের ইনিংস বিপর্যস্ত করতে রিভার্স সুইংকে কাজে লাগিয়েছেন জহির। তিনি বলেন, "আগের দিন (মঙ্গলবার) উইকেট বেশ স্লো ছিলো। সে কারণেই ব্যাটসম্যানরা সুবিধা পাচ্ছিল। কিন্তু তৃতীয়দিন শেষ বেলায় দুই উইকেট নেয়ার পর আমার মনে হয়েছে সকালে রিভার্স সুইং কাজে লাগানো সম্ভব হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৭২১ ঘ.
bdnews24