২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শচীন, রাহুলের শতকে টেস্টের লাগাম ভারতের হাতে

বাংলাদেশের ব্যাটসম্যানদের বধ্যভূমিকেই ব্যাটিং-স্বর্গে রূপান্তর করলেন ভারতীয় ব্যাটসম্যানরা। শচীন টেন্ডুলকার (১৪৩) ও রাহুল দ্রাবিড়ের (১১১*) অপরাজিত শতকের সুবাদে দ্বিতীয় টেস্টের লাগাম এরই মধ্যে নিজেদের হাতে তুলে নিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 05:13 PM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের ব্যাটসম্যানদের বধ্যভূমিকেই ব্যাটিং-স্বর্গে রূপান্তর করলেন ভারতীয় ব্যাটসম্যানরা। শচীন টেন্ডুলকার (১৪৩) ও রাহুল দ্রাবিড়ের (১১১*) অপরাজিত শতকের সুবাদে দ্বিতীয় টেস্টের লাগাম এরই মধ্যে নিজেদের হাতে তুলে নিয়েছে ভারত। দিন শেষে রান তুলেছে ৪৫৯, পাঁচ উইকেটে। ফলে বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে এগিয়ে গেছে ২২৬ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ রান করেছিল ২৩৩। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। উইকেটে আছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২২ রান নিয়ে। অপর ব্যাটসম্যান হরভজন সিং (১৩) ৪৫৯ রানের মাথায় আউট হওয়ার সঙ্গে দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়াররা। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সব দলের উপড়ে ও তলানিতে থাকা দল দু'টির মধ্যে পার্থক্য মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিন সোমবার ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ ও গৌতম গম্ভীর দিনের খেলা শুরু করেন ৬৯ রান নিয়ে। ১৪৬ রানের মাথায় দু'জনই ফিরে গেলে বিশ্বেসেরা ব্যাটসম্যানদের অন্যমত শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড় ২৪২ রান যোগ করে চেপে ধরেন বাংলাদেশকে। ৩৬৮ রানের মাথায় সাহাদাত হোসেনের একটি শর্ট বল রাহুল দ্রাবিড়ের হেলমেট ভেদ করে তার চোয়ালে আঘাত হানে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাঠে নামতে পারেননি আর। সাজঘরে ফিরে যাওয়ার আগে করেন ১১১। তার ১৮৭ বলের ইনিংসে ১২টি চার রয়েছে। দ্রাবিড় তার ২৯তম শতকে পৌঁছান ১৭৮ বলে, ১১টি চারের সাহায্যে। চট্টগ্রামে প্রথম টেস্টে নামের প্রতি মোটেও সুবিচার করে খেলতে পারেননি তিনি। সৌভাগ্যই বলতে হবে দ্রাবিড়ের। লাঞ্চের ঠিক আগে আগে গৌতম গম্ভীরের স্ট্রেট শট বোলার শফিউল ইসলামের আঙ্গুলে লেগে নন-স্ট্রাইকার প্রান্তের উইকেট ভেঙে যায়। বাংলাদেশিরা নিশ্চিত ছিলেন বল শফিউলের আঙ্গুলে লেগেছে। বারবার রিপ্লে দেখেও নিশ্চিত হতে পারেননি থার্ড আম্পায়ার। শেষ পর্যন্ত ব্যাটসম্যানের পক্ষেই রায় দেন। তবে থেমে থাকেননি টেন্ডুলকার। খেলেই যেতে থাকেন। মুরালি বিজয়ের সঙ্গে জুটিতে ৫৩ রান যোগ হওয়ার পর ৪২১ রানের মাথায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বলে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন তিনি। টেন্ডুলকার তার ১৮২ বলের ইনিংসটি সাজান ১৩টি চার ও ছক্কা একটি দিয়ে। আর টেস্ট জীবনের ৪৫তম শতকে পৌঁছান ১৩৪ বলে, ১০টি চারের সাহায্যে। এর আগে চট্টগ্রাম টেস্টেও তিনি শতক হাঁকিয়েছিলেন। প্যাড বরাবর ফুলার লেঙথের বলটিকে উইকেট থেকে বেরিয়ে গিয়ে তুলে মারতে গিয়ে মিড উইকেটে অত্যন্ত সহজ ক্যাচ দেন। বলটি লুফে নিতে ইমরুলের কোনো অসুবিধা হয়নি। ভাগ্যবান টেন্ডুলকার তার শতকে পৌঁছানোর পথে দু'বার জীবন পান। রুবেল হোসেনের চমৎকার একটি বল তার ব্যাটের কানায় লেগে গালিতে রকিবুল হাসানের কাছে চলে যায়। দু'হাত দিয়ে ক্যাচটি ধরেনও তিনি। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের, মুহূর্তের মধ্যে বলটি তার হাত গলে বেরিয়ে যায়। তখন টেন্ডুলকারের রান ছিল ২৭। ৫৩ রানের মাথায় আবারো তার ক্যাচ ফেলে দেন ওই রকিবুলই। পয়েন্টের এই ক্যাচটি আগেরটির চেয়ে অবশ্য একটু কঠিনই ছিল। এবার বোলার আর রুবেল নন, ছিলেন সাহাদাত হোসেন। এরপর ৪৩৬ রানের মাথায় মুরালি বিজয় ৩০ রান করে সাকিবের মিডল-স্ট্যাম্পের ওপরের বল উইকেট থেকে বেরিয়ে গিয়ে মিড-অনের ওপর দিয়ে মারতে চেষ্টা করেন। কিন্তু পারলেন না, সহজ ক্যাচ তুলে দেন মাহমুদুল্লাহর হাতে। ৪৫৯ রানের মাথায় শফিউল ইসলামের বলে হরভজন সিং (১৩) উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন। এর আগে ৬৯ রান নিয়ে খেলা শুরু করে দুই উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেবাগ দলের রানের সঙ্গে ৩৪ যোগ করার পর ১০৩ রানের মাথায় ফিরে যান শেবাগ। সাহাদাত হোসেনের শর্ট বলটিতে বাড়তি গতি ছিল। কিন্তু শেবাগ তা বুঝতে পারেননি। খেলতে গিয়ে শেষ মুহূর্তে বুঝতে পেরে ব্যাট সরিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু বল তার গ্লাভস ছুঁয়ে মুশফিকের হাতে চলে যায়। ৬৩ বলে রান করেন ৫৬। চার মেরেছেন আটটি। দলের রানের সঙ্গে আরো ৪৩ যুক্ত হওয়ার পর ১৪৬ রানের মাথায় অপর উদ্বোধনী ব্যাটসম্যান গম্ভীরও শফিউল ইসলামের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ধরা পড়েন। শর্ট বলে খেললেন ঠিক শেবাগের মতোই। ফলে তারই পথ ধরতে হলো গম্ভীরকেও। ৮৩ বলে ৯টি চারের সাহায্যে ৬৮ রান করেন তিনি। সেই সঙ্গে শর্ট বলে ভারতীয়দের দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠলো। বাংলাদেশের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নিয়েছেন শফিউল ও সাকিব। এজন্য শফিউল খরচ করেন ৭০ রান। সাকিব দেন ১০৮। অপর উইকেটটি নিয়েছেন সাহাদাত হোসেন, ৭১ রানে। দুই টেস্টের সিরিজের প্রথমটি জিতে এগিয়ে রয়েছে ভারত। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৩,৯৫৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ভারত। আর তলানিতে রয়েছে বাংলাদেশ, পয়েন্ট মাত্র ২৫৫। অংকের এই পার্থক্য মাঠেও স্পষ্ট হয়ে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৩২ ঘ.