২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২১৩ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান, ৬ উইকেট হারিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 01:28 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

লিঙ্কন (নিউজিল্যান্ড), জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২১৩ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান, ৬ উইকেট হারিয়ে। তখনো বাকি ছিল ৯ বল। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে করে ২১২। বার্ট সাটক্লিফ ওভালে সোমবার টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজকে। শুরুতেই অধিনায়ক আজিম ঘুম্মানের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন সারমাদ ভাট্টি। মাত্র ৭ রানের মধ্যে দুই উইকেট তুলে নিলে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেগ ব্রাথওয়েট ৮৫, শেন ডাউরিচ ৫৫ ও আন্দ্রে ক্রিয়েরি ৪১ রান করলেও ক্যালিপসো ছন্দের সেই সুর তুলতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। তাই তাদের ইনিংস থেমে যায় ২১২ রানে। পাকিস্তানি বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন ভাট্টি ও রাজা হাসান। এজন্য ভাট্টি খরচ করেন ৩৭ রান। রাজা দেন ৪১। এছাড়া একটি করে উইকেট নেন ওসমান কাদির ও বাবর আজম। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। পেসার জ্যাসন হোল্ডারের বোলিং তোপে মাত্র ৯ রান তুলতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর ৩৫ ও ৪৯ রানের মাথায় আরো দুই ব্যাটসম্যানকে হারিয়ে ভুল পথে হাঁটা শুরু করে। কিন্তু ইনিংসকে পথে আনার লড়াইয়ে নামেন হাম্মাদ আজম। এবং সফলও হন। প্রথমে রমিজ আজিজ (৩৯) ও পরে মোহাম্মদ ওয়াকাসের (২৯) সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। ৯২ রান করে অপরাজিত থাকেন হাম্মাদ। তিনি তার ৯৩ বলের ইনিংসটি সাজান ১০টি চার দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মদ্যে জ্যাসন হোল্ডার দুই উইকেট নেন, ২৮ রানে। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে খুব বেশি ভাবতে হয়নি নির্বাচকদের। দলকে জয় উপহার দেয়ায় ম্যাচ সেরা হন হাম্মাদ। এবার নিয়ে পাকিস্তান চারবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠলো। দ্বিতীয় সেমিফাইনালটি হবে ২৭ জানুয়ারি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১৯২৮ ঘ.