ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা টেস্টের প্রথমদিনটি নিজের করে নিয়েছে ভারত। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে রান করেছে ৬৯। এর আগে মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধ-শতকের ওপর ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ সব উইকেট হারিয়ে রান তোলে ২৩৩। অল্পের জন্য শতক বঞ্চিত হন মাহমুদুল্লাহ। অপরাজিত থাকেন ৯৬ রানে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার চা-বিরতির পর প্রায় এক ঘন্ট ব্যাট করে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ ও গৌতম গম্ভীর ৬৯ রান করেন। দু'জনই ব্যাট করেন স্বভাব-সুলভভঙ্গীতে। বোলারদের মেরে খেলতে ভালোবাসেন শেবাগ। খেললেনও সেভাবে। ৪০ বলে ৬টি চারের সাহায্যে করেন ৪১। আর গৌতম গম্ভীর অপরাজিত রয়েছেন ২৬ রানে। তার ৩৮ বলের ইনিংসে চার রয়েছে চারটি।
বাংলাদেশের পাঁচ বোলার বল করেন। কেউ কোন সফলতার মুখ দেখেননি।
সকালে টস জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের বোলিংয়ে এমন কিছু ছিল না, তারপরও পিচটি টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের জন্য মাইন-ফিল্ড হয়ে উঠলো। নইলে শেষের দিকের ব্যাটসম্যানরা কেন এত ভালো খেললেন? আসলে টেস্ট খেলা শেখালেন টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের।
একমাত্র উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে (০) দোষ দেয়া যায় না। জহির খান কেন, এত চমৎকার বলে উইকেট না পেলে যেকোনো বোলারের জন্য তাকে দুর্ভাগ্যই বলতে হবে। অফ-স্ট্যাম্পের বাইরে গুড-লেঙথে পরে সুইং করে ভেতরে ঢুকছিল বলটি। তামিমও সামনের পায়ে ভর দিয়ে যথাযথভাবে খেলতে গিয়েছিলেন। কিন্তু দেরি করে ফেলেন সামান্য। অফ ও মিড-স্ট্যাম্প ভেঙে যায় তার।
বাকি ছয়জন স্রেফ উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। মনে হয় ভুলে গেছেন টেস্ট ক্রিকেট কিভাবে খেলতে হয়। ইশান্ত শর্মার লেগ-স্ট্যাম্পের বাইরের শর্ট বলটি ছেড়ে দিলেই ভালো করতেন ইমরুল কায়েস (০)। কিন্তু একদিনের ক্রিকেটে অভ্যস্ত বাংলাদেশ। তাই ছাড়বেন কেন? খেলার চেষ্টা করলেন ফাইন-লেগের দিকে। ব্যাটের কানায় লেগে বলটি জমা পড়লো উইকেটের পেছনে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে।
বাংলাদেশের ক্রিকেটাররা ভুল করেন এবং ভুল থেকে শিক্ষা নেয়ার কথা বলেন। কিন্তু এসব বাক্য যে শুধু কথার কথা, মাঠে গিয়ে আবার তা প্রমাণও করেন। ঠিক একই ধরনের বলে ইমরুল যেভাবে খেলেছেন ঠিক সেভাবেই খেললেন জুনাইদ সিদ্দিকী (৭)। তবে পার্থক্য একটা আছে, এবার বোলার ছিলেন জহির খান।
সংযতই ছিলেন রকিবুল হাসান (৪)। হঠাৎ কি যে হলো তার। ইশান্ত শর্মার অফ-স্ট্যাম্পের বাইরের বল ড্রাইভ করে বসলেন বলের লাইনে না গিয়ে। ফলে যা হওয়ার তাই হলো, বলটি ব্যাটের কানা ছঁয়ে জমা পড়লো স্লিপে রাহুল দ্রাবিড়ের হাতে।
সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের হয়তো মনে ছিল না এটি টেস্ট ম্যাচ। নেমেই চড়াও হলেন ভারতীয় বোলারদের ওপর। প্রজ্ঞান ওঝার বলে আউট হওয়ার আগে করেন ৩৯ রান। তার মাত্র ৩১ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি। অফ-স্ট্যাম্পের বাইরের বলে কোন স্পিন ছিল না। বেরিয়ে যাচ্ছিল সোজাসোজি। কিন্তু উইকেট থেকে বেরিয়ে গিয়ে লেগের দিকে মারার চেষ্টা করলেন আশরাফুল। ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে যায় উইকেটরক্ষক ধোনির হাতে। জায়গায় ফেরার আগেই আশরাফুলের স্ট্যাম্প ভেঙে দিতে কোন অসুবিধা হয়নি ধোনির। তখন বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ৫১।
মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ ৮৪ রান নিয়ে। ততক্ষণ অবশ্য বাংলাদেশের কোনো উইকেট পড়েনি। অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম জুটি বেঁধে ৫৫ রান তুললে বাংলাদেশের রান এক শ'র কোঠা ছাড়িয়ে যায়। ১০৬ রানের মাথায় মুশফিকুর রহিম ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে করেন ৬১ বলে ৩০। ১২৭ রানের মাথায় সাকিব (৬৭ বলে ৩৪) ফিরে গেলে দলের রান দেড় শ' পেরুবে কি না, সংশয় দেখা দেয় তা নিয়ে। লেজের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় শুধু দেড় শ' নয়, শেষ পর্যন্ত পেরিয়ে যায় দু'শ'র কোঠাও।
এরপর থেকেই টপ ও মিডল-অর্ডার ব্যাটসম্যানদের টেস্ট ক্রিকেট শেখাতে থাকেন বোলাররাই। একাজে অবশ্য নেতৃত্ব দেন একজন অল-রাউন্ডার, মাহমুদুল্লাহ রিয়াদ। ওঝার বলে ২১৩ রানের মাথায় স্ট্যাম্পড হওয়ার আগে সাহাদাত হোসেন করেন ৮। খেলেছেন ১৮ বল। এক্ষেত্রে পেসার হিসেবে পরিচিত শফিউল ইসলামের কথা না বললেই নয়। তার সঙ্গে জুটি বেঁধে মাহমুদুল্লাহ দলের রানের সঙ্গে যুক্ত করেন ৫৮। শফিউল মাত্র ৯ রান করেন ৩৯ বলে। দলের বিপর্যয়ের মুখে নিখুঁত টেস্ট ইনিংস।
ঠিক একই ধরনের ইনিংস খেলেন রুবেল হোসেনও। হরভজন সিংয়ের অফ-স্ট্যাম্পের বাইরের বল বাঁক নিয়ে ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে তার স্ট্যাম্প ভেঙে দেয়। সেই সঙ্গে থেমে যায় বাংলাদেশের ইনিংস, চা-বিরতির প্রায় এক ঘন্টা পর। মাত্র ৪ রান করেন রুবেল ২৬ বলে।
অল্পের জন্য শতক-বঞ্চিত হন মাহমুদুল্লাহ রিয়াদ। ৯৬ রানে অপরাজিত থাকেন তিনি। ১৫৬ বলের ইনিংসটি সাজান তিনি ১৩ টি চার দিয়ে।
ভারতের বোলারদের মধ্যে ৪ উইকেট নেন ইশান্ত শর্মা, ৬৬ রানে। ৬২ রানে ৩ উইকেট নেন জহির খান। এছাড়া ওঝা ৪৯ রানে নিয়েছেন ২ উইকেট।
দুই টেস্টের সিরিজে ভারত ১-০ ম্যাচে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩৮ ঘ.
bdnews24