ব্রিসবেন, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝড়ের গতিতে ক্যামেরোন হোয়াইট শতক (১০৫) হাঁকানোয় পাকিস্তানের বিপক্ষে সহজেই প্রথম একদিনের ম্যাচ ৫ উইকেটে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ২৭৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা ৫ উইকেটে। তখনো বাকি ছিল ৯ বল।
এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাটের ৭২ ও ইনিংসের শেষের দিকে শহিদ আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে পাকিস্তান রান করে ২৭৪। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি তারা, খেলেছে ৪৯ ওভার ৪ বল।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে একদিনের সিরিজের প্রথমটিতে শুক্রবার জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরে পাকিস্তান। মাত্র ৩৭ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন (৫) ও শন মার্শকে ফিরিয়ে দেন মোহাম্মদ আমের ও মোহাম্মদ আসিফ।
এ অবস্থায় হাল ধরেন অধিনাক রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। দলের রানের সঙ্গে ৪৭ যোগ করে ইনিংসকে পথে ফিরিয়ে আনতে না আনতে শহিদ আফ্রিদির বলে বদলি খেলোয়াড় খালিদ লতিফের হাতে ধরা পড়েন পন্টিং। অফ-স্ট্যাম্পের বাইরের বল বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার মুখে পা বাড়িয়ে ড্রাইভ করেন পন্টিং। কিন্তু বল ব্যাটের কানায় লেগে ব্যাওয়ার্ড পয়েন্টে চলে যায়। ক্যাচটি লুফে নিতে কোনো অসুবিধা হয়নি লতিফের।
এরপর মাইকেল ক্লার্ক ও ক্যামেরোন হোয়াইট জুটি বেঁধে ১০২ রান তুলে অস্ট্রেলিয়ার ইনিংসকে ঠিকই পথে ফিরিয়ে আনেন। ১৮৬ রানের মাথায় ক্লার্ক দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন ৫৮ রান করে। ক্যামেরোন হোয়াইট বলটি অফ-সাইডে ঠেলে দিলে ক্লার্ক ১ রান নেয়ার জন্য তাকে তাগাদা দেন। কিন্তু নাভেদ উল হাসানের আন্ডার-আর্ম থ্রো সরাসরি স্ট্রাইকার প্রান্তের উইকেট ভেঙে দেয়। তখনো পপিং ক্রিজ থেকে বেশ খানিকটা দূরে ছিলেন ক্লার্ক। তিনি তার ৭৬ বলের ইনিংসে চার মেরেছেন মাত্র একটি।
কিন্তু মাইক হাসিকে সঙ্গে নিয়ে ব্যাট করে যেতে থাকেন হোয়াইট। তাই জয়ের পথে হাঁটতে কোনো অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ার। ২৬০ রানের মাথায় নাভেদ উল হাসানের বলে তিনি যখন বোল্ড তখন প্রায় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে গেছে তারা। অবশ্য তার আগেই হোয়াইট তার দ্বিতীয় শতকে পৌঁছে যান। ১০৫ রান করেন তিনি ৮৮ বলে। তিনি তার ইনিংসটি সাজান আটটি চার ও চারটি ছক্কা দিয়ে।
জয়ের জন্য বাকি কাজটা করে ফেলেন মাইক হাসি ও ব্র্যাড হ্যাডিন। হাসি ৩৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া ব্র্যাড হ্যাডিন অপরাজিত ছিলেন ৭ রানে।
পাকিস্তানের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমের, নাভেদ উল হাসান ও শহিদ আফ্রিদি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ভিত্তি বেশ ভালোই রচনা করেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট ও কামরান আকমল। ৫০ রান তোলেন তারা ৬১ বলে। কিন্তু ৬২ রানের মাথায় কামরান ৩৪ রান করে শেন ওয়াটসনের বলে মাইকেল ক্লার্কের হাতে ধরা পড়েন। দলের রানের সঙ্গে ৫৫ যোগ হওয়ার পর ১১৭ রানে উইকেটের পেছনে ব্র্যাড হ্যাডিনের হাতে ধরা পড়েন সালমান বাট ডোগ বোলিঙ্গারের বলে। তিনি তার ৮১ বলের ইনিংসটি সাজান ১২টি চার দিয়ে।
দলের রানের সঙ্গে মাত্র ৬ যোগ করে অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ২ রানে বোল্ড হয়ে গেলে বিপদে পড়ে পাকিস্তান। কিন্তু উমর আকমল ২৩ ও শোয়েব মালিক ২৮ রান করে কিছুটা হলেও দলের ইনিংসে ছন্দ ফিরিয়ে আনেন। দলীয় ২২৭ রানের মধ্যে শোয়েব মালিক, সাবেক অধিনায়ক ইউনিস খান ও মোহাম্মদ আমের (০) ফিরে গেলে আবারো ছন্দপতন ঘটে। ততক্ষণে খেলা হয়ে গেছে ৪৩ ওভার ৪ বল। ইউনিস ৪৬ রান করেন ৭৪ বলে। চার মেরেছেন মাত্র একটি।
ঠিক এই সময় মাঠে নেমেই ঝড় তোলেন শহিদ আফ্রিদি। মাত্র ২৬ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৪৮ রান করে দলকে এনে দেন লড়াই করার মতো পূঁজি। এছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ওয়াটসন চার উইকেট নেন ৩৬ রানে। ক্লিন্ট ম্যাকক্যাই ৬১ রানে উইকেট নিয়েছেন তিনটি।
ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন হোয়াইট।
পাঁচ ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ১-০ তে।
এর আগে তিন টেস্টের সিরিজের তিনটিতেই হেরেছে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১০ ঘ.
bdnews24