ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতিবাচক খেলার প্রত্যাশা নিয়ে সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ভবনে বৃহস্পতিবার দল ঘোষণা ও ক্রিকেট দলের প্রস্তুতির বিস্তারিত চিত্র তুলে ধরেন দলের প্রধান সমন্বয়কারী নাজমুল আবেদিন ফাহিম।
এসএ গেমসে প্রথমবারের মতো অন্তর্ভূক্ত করা হয়েছে উপমহাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট। খেলা হবে ২০ ওভারের। অংশ নেবে অনূর্ধ্ব-২১ দল। তবে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে অংশ নিচ্ছে না ভারত। এছাড়া আফগানিস্তান ও ভুটানও অংশ নিচ্ছে না। অংশ নিচ্ছে পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও স্বাগতিক বালাদেশ।
অনূর্ধ্ব-২১ দলের অংশ নেয়ার কথা থাকলেও একাডেমি দলের নিয়মিত ক্রিকেটারদের ওপরই আস্থা রাখছে বিসিবি। তবে অনূর্ধ্ব-১৯ দল থেকেও দু'জন ক্রিকেটার নেয়া হয়েছে।
দল: মো. মিথুন (অধিনায়ক), নাসির হোসেন, রনি তালুকদার, আনামুল হক বিজয়, আসিফ আহমেদ রাতুল, সাব্বির রহমান, জুবায়ের রহমান, আরিফুল হক, হামিদুল ইসলাম হিমেল, তানভির হায়দার, সুভাশিষ রায়, ইমন আহমেদ, সানজামুল ইসলাম ও নাজমুল ইসলাম দিপু।
অতিরিক্ত: তাপস ঘোষ, আবুল হাসান রাজু, আলাউদ্দিন বাবু ও শাকের আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১১৬ ঘ.
bdnews24