হোবার্ট, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানকে হোয়াইট-ওয়াশ করেই তিন টেস্টের সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন শেষে জেতার জন্য পাকিস্তানের দরকার ছিল ৩৩৫। কিন্তু গুটিয়ে যায় মাত্র ২০৬ রানে। ফলে ২৩১ রানের বড় ব্যবধানে হার মানতে হয় পাকিস্তানকে।
হোবার্টে সোমবার পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান ৪ উইকেটে ১০৩ রান নিয়ে। দলের রানের সঙ্গে মাত্র ১ যোগ হতেই পিটার সিডলের বলে ১০৪ রানের মাথায় উইকেটের পেছনে ব্র্যাড হ্যাডিনের হাতে ধরা পড়ে বিদায় নেন শোয়েব মালিক। আগের দিনের ব্যক্তিগত ১৮ রানের সঙ্গে তিনিই যুক্ত করেন ওই ১ রান।
এই ম্যাচে অভিষেক হওয়া উইকেটরক্ষক সরফরাজ আহমেদ (৫) ১২৩ রানের মাথায় ফিরে গেলে পাকিস্তানের হার কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন খুররম মঞ্জুর ও মোহাম্মদ আমের। দলের রানের সঙ্গে দু'জনে মিলে ৬৬ যোগ করার পর ১৮৯ রানের মাথায় খুররম ফিরে গেলে হার নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। ডান হাতি অফ-স্পিনার নাথান হরিটজের 'কুইকার' মারতে গেলে বলটি ব্যাট ছুঁয়ে হ্যাডিনের হাতে জমা পড়ে।
এরপর দ্রুত পড়ে যায় তিন উইকেট। ১৯১ রানে উমর গুল (০), ১৯২ রানে মোহাম্মদ আসিফ (০) ও দশম উইকেটের (দানিশ কানেরিয়া ১) পতন ঘটে ২০৬ রানে। মোহাম্মদ আমের ১০৯ বল খেলে ৩০ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন পিটার সিডল ও নাথান হরিটজ। এজন্য সিডলের খরচ হয় ২৫ রান। আর হরিটজ দেন ৩০। এছাড়া শেন ওয়াটসন ২ উইকেট নেন ৩৮ রানে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া আট উইকেটে ৫১৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে পাকিস্তান ৩০১ রান করে ফলো-অনে পড়লেও পন্টিং তাদের ব্যাট করতে পাঠাননি। বরং নিজেরাই ব্যাট করে পাঁচ উইকেটে ২১৯ রান তুলে জেতার জন্য পাকিস্তানকে ৪৩৮ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয়। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে চুতর্থ দিন শেষে পাকিস্তান করেছিল ১০৩, চার উইকেটে।
এই জয়ের মধ্য দিয়ে সিরিজের তিনটি টেস্টই জিতে নিলো অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৬ ঘ.
bdnews24