চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বীরেন্দ্র শেবাগের মন্তব্যের দায় নিলেন না ভারতের ব্যাটিং 'জিনিয়াস' শচীন টেন্ডুলকার। পুরো বিষয়টিকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আইডিয়া কাপ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে রোববার সংবাদ সম্মেলনে শুধু এটুকুই বললেন, শেবাগ যা বলেছে, তা ঠিক না বেঠিক সে ব্যাপারে কিছুই বলতে রাজি নন তিনি। উত্তর খোঁজার জন্য শেবাগকেই বরং প্রশ্ন করার পরামর্শ দেন।
তারপরও ঘুরে ফিরে দু'তিনবার একই ধরনের প্রশ্নের মুখে পড়তে হয় শচীনকে। প্রতিবারই চুপ করে থেকে পরের প্রশ্নের জন্য অপেক্ষা করেন ক্রিকেটের এই বরপুত্র। তাতে উদ্ধত আচরণের লেশ মাত্র ছিলো না। এমন কি, বাংলাদেশের ক্রিকেটের উচ্ছসিত প্রশংসাই করলেন। বললেন, "বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করেছে।"
অথচ টেস্ট শুরুর আগের দিন ভারতের সহ-অধিনায়ক বীরেন্দ্র শেবাগ বাংলাদেশকে একেবারে সাধারণ মানের দলের কাতারে নামিয়ে এনেছিলেন। বলেছিলেন, "বাংলাদেশ কোনোভাবেই আমাদের হারাতে পারবে না।" কথার মালায় তার চেয়ে বড় আঘাত হেনেছিলেন, "আমাদের ২০টি উইকেট নেয়ার ক্ষমতাই নেই বাংলাদেশের। শ্রীলঙ্কার বোলাররা যেখানে পারেননি, সেখানে বাংলাদেশ --।'
এর আগে বাংলাদেশের বিপক্ষে দু'টি টেস্ট খেলে শেবাগ রান করেন মাত্র (১৩ ও ১০) ২৩। ব্যর্থতার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসার দৃঢ় প্রতিজ্ঞার কথা বলেছিলেন ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে। জানিয়েছিলেন, "অবশ্যই আমি বাংলাদেশের বিপক্ষ যতটা সম্ভব বড় ইনিংস খেলতে চাই।"
মেরুদন্ডে ব্যাথার কারণে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতে ভারপ্রাপ্ত অধিনায়ক খেলেছেন ৫৩ রানের ইনিংস। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানই তাকে আউট করেন। ৫১ বলে ৯টি চারের দিয়ে সাজিয়েছেন ৫২ রানের ইনিংসটি। ভারতীয় এই উদ্বোধনী ব্যাটসম্যানের উইকেট তুলে নেয়ার মধ্য দিয়েই শুরু হয় বাংলাদেশের বোলারদের সাফল্যের পথে যাত্রা। দিনের খেলা শেষ হওয়ার আগে তুলে নেয় ৮ উইকেট।
বাংলাদেশের ক্রিকেটারদের এমন লড়াকু জবাবে শেবাগ বোধ হয় একটু বিব্রতই। সাজঘর থেকে বেরিয়ে হোটেলে ফেরার বাসে ওঠার আগে তাই কোন দিকেই তাকালেন না। বিনয়ী টেন্ডুলকারই সঙ্গ দিয়ে নিয়ে যান তাকে।
বোলিং আর ফিল্ডিংয়ের ভাষায় ভারতীয়দের জবাব দেয়ায় কথার লড়াইয়ে যাননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বরং পেশাদারিত্বই ফুঠে ওঠে তার কথায়, "শেবাগ যা বলেছেন তা নিয়ে আমরা মোটেও ভাবিনি। বরং চেষ্টা করেছি সেরা খেলাটা খেলতে। সামর্থ অনুযায়ী খেলতে পেরেছি এটাই বড় কথা।" টেস্টে বাংলাদেশ অতি-সাধারণ মানের দল- শেবাগের এই উক্তি টেনে সাংবাদিকরা বেশ কয়েকবার জানার চেষ্টা করেন স্বাগতিকদের ভালো খেলতে বিষয়টি উদ্বুদ্ধ করেছে কি না, উত্তরে সাকিব বলেন, তারা আগের কথা মনে রাখেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯২৩ ঘ.
bdnews24