হোবার্ট, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টেও হারের শঙ্কায় পড়েছে পাকিস্তান। জেতার জন্য ৪৩৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চার উইকেটে করেছে ১০৩। এর আগে দ্বিতীয় ইনিংসে সাইমন ক্যাটিচের সেঞ্চুরির ওপর ভর করে পাঁচ উইকেটে ২১৯ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ফলে পাকিস্তান এখনো পিছিয়ে আছে ৩৩৪ রানে। হাতে উইকেট আছে ছয়টি।
চতুর্থদিন বৃষ্টির জন্য আগেভাগে খেলা শেষ হওয়ায় হার এড়ানোর জন্য পাকিস্তান এখন সেই বৃষ্টির জন্যই প্রার্থনা করতে পারে।
হোবার্টে রোববার চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া এক উইকেটে ৫৯ রান নিয়ে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ ও অধিনায়ক রিকি পন্টিং জুটি বেঁধে দলের রানের সঙ্গে যোগ করেন ১৯১। ক্যাটিচ ১৯২ রানের মাথায় আউট হওয়ার আগে তার ৩৩ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান ১০০ তে। দানিশ কানেরিয়ার শর্ট বল পুল করতে গিয়ে ডিপ মিড-উইকেটে ধরা পড়েন তিনি শোয়েব মালিকের হাতে।
এরপরই ২০২ রানের মাথায় অধিনায়ক রিকি পন্টিং, ২১৩ রানে ব্র্যাড হ্যাডিন (৮) ও ২১৯ রানে মিচেল জনসনের (০) আউট হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেন পন্টিং। মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ১২২ বলে ১২টি চারের সাহায্যে করেন ৮৯। শোয়েব মালিককে সুইপ করতে গেলে বল পন্টিংয়ের গ্লাভস ছুঁয়ে উইকেটের পেছনে সরফরাজ আহমেদের হাতে জমা পড়ে। যদিও আউটটি নিয়ে বিতর্ক রয়েছে।
পাকিস্তানি বোলারদের মধ্যে শোয়েব মালিক দু'টি উইকেট নেন ১৬ রানে। এছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ আমের ও দানিশ কানেরিয়া।
জয়ের এই বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে মোটেও সুবিধা করতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। মাত্র ১১ রানে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট (৮)। দলের রানের সঙ্গে ১৮ যোগ হওয়ার পর ২৯ রানের মাথায় ফিরে যান অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান ফারহাত (১৪)। ৬১ রানের মাথায় অধিনায়ক মোহাম্মদ ইউসুফ (২৩) শেন ওয়াটসনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। উমর আকমল ১৫ রান করে ৮৩ রানের মাথায় ওয়াটসনের বলে এলবিডব্লিউ হলে বিপদে পড়ে পাকিস্তান।
এরপর দলের রানের সঙ্গে ২০ যোগ হতেই বৃষ্টি নামে। বন্ধও হয়ে যায় দিনের খেলা। উইকেটে আছেন খুররম মঞ্জুর ২৩ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটসম্যান শোয়েব মালিক করেছেন ১৮।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দুই উইকেট নেন ওয়াটসন ২৪ রানে। এছাড়া একটি করে উইকেট নেন ডোগ বলিঙ্গার ও পিটার সিডল।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া আট উইকেটে ৫১৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে পাকিস্তান ৩০১ রান করে ফলো-অনে পড়লেও পন্টিং তাদের ব্যাট করতে পাঠাননি। বরং নিজেরাই ব্যাট করে জেতার জন্য পাকিস্তানকে বিশাল রানের একটি লক্ষ্য ছুঁড়ে দেয়।
তিন টেস্টর সিরিজ অস্ট্রেলিয়া এরই মধ্যে ২-০ ম্যাচে জিতে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫৪ ঘ.
bdnews24