হোবার্ট, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের লাগাম এখন অস্ট্রেলিয়ার হাতে। সালমান বাটের সেঞ্চুরির পরও পাকিস্তান ফলো-অন এড়াতে পারেনি। সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে করে ৩০১। কিন্তু রিকি পন্টিং ফলো-অন না করিয়ে নিজেরাই ব্যাট করতে নেমে রান তুলেছেন ৫৯, এক উইকেটে। ফলে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২৭৭ রানে।
দ্বিতীয় দিনের খেলা শেষে অধিনায়ক পন্টিং নিজেই বলেছিলেন, সুযোগ পেলে পাকিস্তানকে আবারো ব্যাট করতে পাঠাবেন। সুযোগও পেলেন তিনি। কিন্তু মন পাল্টে ফেলেছেন ততক্ষণে। ব্যাটিংয়ে পাঠালেন না পাকিস্তানকে। এর কারণ সম্ভবত অস্ট্রেলিয়ার বোলারদের পারফরমেন্স। দ্রত চার উইকেট পড়ে যাওয়ার পরও সিরিজে এই প্রথম পাকিস্তানকে অল-আউট করতে তার বোলারদের লেগেছে ১০৫ ওভার ৪ বল।
হোবার্টে শনিবার তৃতীয় দিন ২১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শেন ওয়াটসনের (১) উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে এক উইকেটে ৫৯।
উইকেটে আছেন পন্টিং ২৫ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ করেছেন ৩৩।
এর আগে চার উইকেটে ৯৪ রান নিয়ে খাদে পড়া অবস্থায় দিনের খেলা শুরু করে পাকিস্তান। আগের দিনের অপরাজিত উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট ও শোয়েব মালিক দলের রানের সঙ্গে ১২৯ যোগ করার পর ২১৩ রানের মাথায় সালমান সাজঘরে ফিরে যান। সামনের পায়ে ভর রেখে সাইমন ক্যাটিচের গুড লেঙথ বল পুশ করেন তিনি। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে স্লিপে মাইকেল ক্লার্কের হাতে। ততক্ষণে সালমান তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে ফেলেছেন। ২৩৪ বল খেলে ১৭টি চারের সাহায্যে ১০২ রান করেন তিনি।
এরপর আবারো মোড়ক লাগে পাকিস্তানের ইনিংসে। ২১৫ রানে এই ম্যাচে অভিষেক হওয়া সরফরাজ আহমেদ (১), ২১৯ রানে শোয়েব মালিক (৫৮), ২২৭ রানে মোহাম্মদ আমের (৪) ও ২৪৮ রানে দানিশ কানেরিয়া (৮) ফিরে গেলে মনে হচ্ছিল পাকিস্তানের ইনিংস থেমে যাবে ২৫০ থেকে ২৬০ রানের মধ্যে।
কিন্তু শেষ জুটিতে উমর গুল ও মোহাম্মদ আসিফ ৫৩ রান যোগ করলে পাকিস্তানের ইনিংস তিন শ'র কোঠা পেরিয়ে যায়। মোহাম্মদ আসিফ ২৯ রান করে নাথান হরিটজের ফ্লাইটেড বল তুলে মারতে গিয়ে মিড-অনে মাইক হাসির হাতে ধরা পড়ার সঙ্গে সঙ্গে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ৫৬ বল খেলে ৩৮ রানে অপরাজিত থাকেন গুল।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন হরিটজ ও ক্যাটিচ। এজন্য হরিটজের খরচ করতে হয় ৯৬ রান, আর ক্যাটিচের মাত্র ৩৪। এছাড়া পিটার সিডল ৩৯ রানে নেন ২ উইকেট।
তিন টেস্টের সিরিজ ২-০ ম্যাচে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫৭ ঘ.
bdnews24