২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির সেঞ্চুরিতে ভারতের সহজ জয়

বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরির (১০২*) সুবাদে বাংলাদেশকে সহজেই ছয় উইকেটে হারিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 03:19 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরির (১০২*) সুবাদে বাংলাদেশকে সহজেই ছয় উইকেটে হারিয়েছে ভারত। ২৪৮ রানের জয়ের লক্ষ্য টপকে ২৪৯-এ পৌঁছে যায় তারা ৪৩ ওভারে, চার উইকেট হারিয়ে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ইনিংসের শুরুতে সেই যে পথ হারিয়ে ফেলে, সাকিব আল হাসান (৮৫) ও মাহমুদুল্লাহ রিয়াদের (৬৪*) হাফ-সেঞ্চুরির পরও তা আর পথে ফেরেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে তোলে ২৪৭ রানের সম্মানজনক স্কোর, ৬ উইকেটে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় আইডিয়া কাপের ৬ষ্ঠ খেলায় সোমবার বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে জয়ের লক্ষ্য তাড়া করা শুরু করে ভারত হিসেব করে, টুর্নামেন্টের অন্যান্য ম্যাচের মতো ঝড়ের গতিতে নয়। ১১.৫ ওভারে ৬৪ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান দিনেশ কার্তিকের উইকেট তুলে নেন উদ্বোধনী বোলার শফিউল ইসলাম। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়ার আগে ৩৯ বলে ৩৪ রান করেন তিনি। চার মারেন তিনটি ও ছক্কা একটি। দলের রানের সঙ্গে ২৩ রান যোগ হওয়ার পর ৮৭ রানের মাথায় নাইম ইসলামের বলে সরাসরি বোল্ড হন অপর উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর। ৪৬ বল খেলে ৫টি চারের সাহায্যে রান করেন ৪১। এরপর বিরাট কোহলি ও যুবরাজ সিং জুটি বেঁধে ৪৬ রান তোলেন। ১৩৩ রানের মাথায় যুবরাজ সিং (১৩) নাইম ইসলামের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে চাঙ্গা হয়ে ওঠেন বাংলাদেশের বোলাররা। কিন্তু সেই চাঙ্গাভাব আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কোহলির জুটিতে আরো ৬৮ রান যোগ হলে ভারতের জয়ের পথ সহজ হয়ে যায়। ২০১ রানের মাথায় ৩৫ বলে ৩২ রান করে অধিনায়ক সাকিব আল হাসানের বলে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন ধোনি। ভারতের ইনিংসে আর কোনো অঘটন ঘটেনি। মাত্র ৯৫ বলে ১০২ রান করে দলকে জয় উপহার দিয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। তিনি তার হার না মানা ইনিংসটি সাজান ১১টি চার দিয়ে। অপর ব্যাটসম্যান সুরেশ রাইনা অপরাজিত ছিলেন ১৮ রানে। বাংলাদেশের বোলারদের মধ্যে নাইম ইসলাম ২ উইকেট নেন ৩৫ রানে। এছাড়া একটি করে উইকেট নেন শফিউল ইসলাম ও সাকিব। এর আগে টস জিতে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশকে। তার দুই উদ্বোধনী বোলার সুদ্বিপ তায়াগি ও শ্রীশান্ত নিখুঁত লাইন ও নিশানায় বল করে দুই উইকেট তুলে নেন ইনিংসের শুরুর দিকে। বেঁধেও রাখেন ব্যাটসম্যানদের। দলীয় ১০ রানের মাথায় ৯ রান করে তায়াগির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। দলের রানের সঙ্গে ৫ যুক্ত হতেই শ্রীশান্তের বলে বোল্ড হয়ে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (৪) ফিরে গেলে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। বড় শট নিতে গেলে বলটি প্যাডে লেগে আশরাফুলের উইকেট ভেঙ্গে দেয়। তামিম ইকবাল ও রকিবুল হাসান দলের রানের সঙ্গে ৪৫ যুক্ত করে সেই হারানো পথে ফিরতে না ফিরতে সাজঘরে ফিরে যান তামিম। ৬০ রানের মাথায় ১৭ রান করে আশিষ নেহরার বলে তায়াগির হাতে ধরা পড়েন তিনি। দলের রানের সঙ্গে ৭ যোগ হতেই রকিবুল হাসান (২৮) দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হলে ইনিংস মেরামতের কাজ কঠিন হয়ে পড়ে। সাকিবের হাল্কা পুশ বোলার যুবরাজ সিংয়ের হাতে লেগে রকিবুলের উইকেট ভেঙে যায়। ৯৫ রানের মাথায় যুবরাজ সিংয়ের বলে মুশফিকুর রহিম (৭) আল্তো করে সুরেশ রাইনার হাতে ক্যাচ দিয়ে দলকে সমূহ বিপদে ফেলে ফেরেন সাজঘরে। এ অবস্থায় দলের হাল ধরেন সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ। দলের রানের সঙ্গে ১০৬ যোগ করে সম্মানজনক একটি স্কোর গড়ে তোলার পথে দলকে এগিয়ে অনেকটা। ২০১ রানের মাথায় সাকিব নেহরার বলে উইকেটের পেছনে ধোনির হাতে ধরা পড়ার আগে করেন ৮৫। তিনি তার ৯৭ বলের ইনিংসে আটটি চার ও একটি ছক্কা মারেন। শেষ ৪.৪ ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ও নাইম ইসলাম ৪৬ রান তুললে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ২৪৭ রানে। মাহমুদুল্লাহ ৮০ বল খেলে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ৬৪ রান করে অপরাজিত থাকেন। আর নাইম ইসলাম অপরাজিত থাকেন ২২ রানে। তার ১৪ বলের ইনিংসে দু'টি চার ও একটি ছক্কা রয়েছে। ভারতীয় বোলারদের মধ্যে ৫৮ রানে ২ উইকেট নেন আশিষ নেহরা। এছাড়া একটি করে উইকেট নেন সুদ্বিপ তায়াগি, শ্রীশান্ত ও যুবরাজ সিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২০১ ঘ.