ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তামিম ইকবালের পর ইমরুল কায়েসের হাফ-সেঞ্চরির সুবাদে ভারতকে শেষ পর্যন্ত ২৯৭ রানের বড় লক্ষ্যই ছুঁড়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। নির্ধারিত ৫০ ওভারে ২৯৬ রান করেন তারা ৬ উইকেটে।
এই ২৯৬ রানই ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৮ সালে করাচিতে ৬ উইকেটে ২৮৩ রান করেছিল বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় আইডিয়া কাপের তৃতীয় খেলায় বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের এই সিদ্ধান্তের যেন যথার্থতা প্রমাণ করার দায়িত্ব নেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। শুরুতেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন তিনি। ভারতের উদ্বোধনী বোলার আশীষ নেহরা ও শ্রীশান্ত কোনো সুবিধা করতে পারেননি। প্রথম তিন ওভারে নেহরা রান দেন ২৩। শ্রীশান্ত ১৪ রান দিলেও উদ্বোধনী জুটি ভাঙতে পারেননি।
ফলে বাধ্য হয়েই ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সপ্তম ওভারেই স্পিনার হরভজন সিংয়ের হাতে বল তুলে দেন। যদিও শেষ পর্যন্ত তামিমের উইকেটটি নেন শ্রীশান্তই। দলীয় ৮০ রানের মাথায় পুল করতে গিয়ে তামিম ইকবাল সহজ ক্যাচ দেন গৌতম গম্ভীরের হাতে। ৪২ বল খেলে ১০টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬০ রান করেন তিনি। তামিম তার ক্যারিয়ারের ১২ তম ফিফটিতে পৌছান মাত্র ৩৩ বলে।
তামিম বিদায় নিলেও বাংলাদেশের রানের চাকা সচল রাখেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস। ধীরে-সুস্থে খেলে দলের রানের সঙ্গে ৬৮ যোগ করেন দু'জনে। ১৪৮ রানের মাথায় ২৯ রানে জাদেজার বলে সরাসরি বোল্ড হন আশরাফুল। এতক্ষণ বড় স্কোরের স্বপ্ন দেখলেও ১৫৬ রানের মাথায় অধিনায়ক সাকিব আল হাসান (০) দুর্ভগ্যজনক রান-আউট ও ১৮৮ রানে ইমরুল কায়েস (৭০) নেহরার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়লে সেই স্বপ্নে খানিকটা ভাটা পড়ে। এক শ' বল খেলে পাঁচটি চার ও একটি ছক্কা মারেন তিনি। ইমরুল তার ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরিতে পৌঁছান ৮০ বলে।
২০৬ রানের মাথায় মুশফিকুর রহিম ৬ রান করে যুবরাজ সিংয়ের বলে জাদেজার হাতে ধরা পড়লে বড় স্কোরের স্বপ্ন আরো ফিকে হয়ে যায়। ২৩৮ রানে রকিবুল হাসান ৩২ করে হরভজন সিংয়ের বলে বোল্ড হলে বড় স্কোরের দিকে এগিয়ে যাওয়ার পথটি কিছুটা কঠিন হয়ে পড়ে।
কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের মনে ছিল অন্য ভাবনা। নেমেই ঝড় তোলেন তিনি। আবারো বড় স্কোরের পথে নিয়ে যেতে থাকেন বাংলাদেশকে। মাত্র ৪৫ বলে অপরাজিত ৬০ রান করলে বড় স্কোরেরই দেখা পেয়ে যায় বাংলাদেশ। রিয়াদকে যথাযথ সঙ্গ দেন নাইম ইসলাম। ১৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি।
ভারত অধিনায়ক ঘুরিয়ে ফিরিয়ে সাত বোলার ব্যবহার করেন। একটি করে উইকেট পান নেহরা, শ্রীশান্ত, হরভজন সিং, যুবরাজ সিং ও রবীন্দ্র জাদেজা।
বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে একটি। পেসার শফিউল ইসলামের জায়গায় খেলছেন সৈয়দ রাসেল। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল শফিউলের। উইকেট পেয়েছিলেন একটি, অধিনায়ক কুমার সাঙ্গাকারার। তবে ভারত মাঠে নামিয়েছে আগের ম্যাচের দলটিকেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৫১ ঘ.
bdnews24