ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে চায় বাংলাদেশ। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশার কথাই শোনান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহমুদুল হাসান ও কোচ মিনহাজুল আবেদিন নান্নু।
বয়সভিত্তিক ক্রিকেটে সুনাম আছে বাংলাদেশ দলের। যদিও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে এখনো খেলার সুযোগই হয়নি কোনো আসরে। সবচেয়ে সম্ভাবনাময় দল নিয়েও ২০০২ সালের বিশ্বকাপের বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। দু বছর আগের দলটিকেও সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবেই ধরা হয়েছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে বিদায় নেয় তারা। শৃঙ্খলার অভাবেই এমনটা হয়েছিল বলে মনে করেন মিনহাজুল আবেদিন এবং অধিনায়ক মাহমুদুল হাসান। তবে শৃঙ্খলার দিক থেকে কোনো সমস্যা নেই বলে এবারের দল নিয়ে আশাবাদী কোচ ও অধিনায়ক। আগের বিশ্বকাপ দলর সদস্য অধিনায়ক মাহমুদুল হাসান বলছিলেন,'আমাদের মূল শক্তি শৃঙ্খলা। খেলোয়াড়দের মধ্যে দলাদলি নেই। সবাই দেশের জন্য খেলবে।'
টানা এক বছর ধরে অনুশীলন করেছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। এ সময়ে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে এবং চারদিনের ম্যাচের সিরিজ খেলেছেন। ইংল্যান্ড যুব দলের বিপক্ষে দেশে এবং ইংল্যান্ডে গিয়ে সিরিজ জিতেছেন মাহমুদুল হাসানরা। হোম সিরিজে জিম্বাবুয়েকে, ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারালেও পাকিস্তানের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। কোচ মিনহাজুল আবেদিন বলেন,'বিশ্বকাপের ফেবারিট ধরা হচ্ছে পাকিস্তানকে। আমাদেরকে শীর্ষ দলগুলোর কাতারে রাখা হয়েছে। আশা করি, ছেলেরা দেশের মান রাখতে পারবে।'
১৫ সদস্যের দল নিয়ে বৃহস্পতিবার রাতে নিউ জিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ যুব দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই একটু আগে রওয়ানা হওয়া। বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
'ডি' গ্র"পে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। ১৫ জানুয়ারি পর্দা উঠবে এবারের যুব বিশ্বকাপের। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৬ জানুয়ারি, পাপুয়া নিউগিনির বিপক্ষে, পরের দিনই খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। গ্র"পের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ২০ জানুয়ারি। গ্র"প চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে কোয়ার্টার ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১০০ ঘ.
bdnews24