২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেক হচ্ছে শফিউলের

ত্রিদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হচ্ছে পেসার শফিউল ইসলামের। তবে এই ম্যাচে ১১ জনের দলে জায়গা হয়নি ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) ফেরত শাহরিয়ার নাফীস ও আফতাব আহমেদের।(নতুন তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 08:54 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হচ্ছে পেসার শফিউল ইসলামের। তবে এই ম্যাচে ১১ জনের দলে জায়গা হয়নি ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) ফেরত শাহরিয়ার নাফীস ও আফতাব আহমেদের। বিসিবি কার্যালয়ে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করা হয়। সে সময় প্রধান কোচ জেমি সিডন্স আগের আন্তর্জাতিক ম্যাচগুলোর কথা উল্লেখ করে বলেন, 'আমরা যতট সম্ভব উইনিং কম্বিনেশন ঠিক রাখার চেষ্টা করেছি।' পেসার শফিউলকে ১১ জনের দলে নেয়া প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান বলেন, 'সে বেশ কার্যকর বোলার। ঘরোয়া ম্যাচে তার পারফর্মেন্সও ভালো। এছাড়া এই ম্যাচের মধ্য দিয়ে তার একটা পরীক্ষাও হয়ে যাবে।' নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো ফিট না থাকায় অধিনায়কের দায়িত্ব পাওয়া সাকিব দল নিয়ে সন্তুষ্ট বলে জানান। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মুশফিকুর রহিম। সোমবার দিন-রাতের এই খেলার মধ্য দিয়ে অভিষেক হতে যাচ্ছে শফিউলের। ১৯ বছর বয়সি বগুড়ার এ তরুণ অ্যাকাডেমি দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সফর করেছেন। তখনই নজর কাড়েন তিনি নির্বাচকদের। এরপর ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে বিমানের বোলিং আক্রমণেও অগ্রণী ভূমিকা রাখেন। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাইম ইসলাম, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও শফিউল ইসলাম। টুর্নামেন্টের অপর দল ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/টিআর/১৫৫০ ঘ.