২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেট লিগের নিরুত্তাপ দলবদল

এক দিকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের দলবদল, অন্যদিকে ফেডারেশন কাপ ফুটবলের খেলা হচ্ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ক্রীড়া অনুরাগীদের আকর্ষণ কোনদিকে বেশি বোঝার উপায় ছিল না। এক বছর আগে হলেও নির্দ্বিধায় বলে দেয়া যেতো, ক্রিকেটের দলবদলকে ঘিরেই মানুষের আকর্ষণ বেশি। এবার হচ্ছে উল্টোটা। ক্রিকেটের দলবদলের প্রথম দিনটা ম্যাড়ম্যাড়েই ঠেকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দিকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের দলবদল, অন্যদিকে ফেডারেশন কাপ ফুটবলের খেলা হচ্ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ক্রীড়া অনুরাগীদের আকর্ষণ কোনদিকে বেশি বোঝার উপায় ছিল না। এক বছর আগে হলেও নির্দ্বিধায় বলে দেয়া যেতো, ক্রিকেটের দলবদলকে ঘিরেই মানুষের আকর্ষণ বেশি। এবার হচ্ছে উল্টোটা। ক্রিকেটের দলবদলের প্রথম দিনটা ম্যাড়ম্যাড়েই ঠেকেছে। অথচ আবাহনী আর বাংলাদেশ বিমানের মতো বড় দল খেলোয়াড় নিবন্ধনে অংশ নিয়েছে উদ্বোধনী দিনে। তারপরও নিরুত্তাপ ক্রিকেটারদের দিনটি। দলবদল না জমার পেছনের কারণ অবশ্য ক্রিকেটাররাই। অনেক আগেই ক্লাবগুলোর সঙ্গে চুক্তি সেরে নিয়েছেন তাদের অনেকে। বিশেষ করে বড় দুই দল আবাহনী-মোহামেডান তারকা ক্রিকেটারদের দলে নেয়ার পরপরই সংবাদ সম্মেলন করে পরিচয় করিয়ে দিয়েছে। সাকিব আল হাসান দলবদলকে তাই আনুষ্ঠানিকতা মনে করে বললেন,"এবার ক্লাবগুলো আগেই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করায় দলবদলে তেমন আকর্ষণ নেই। সবাই জানেন, আমি আবাহনীতে খেলছি। ক্লাবগুলোর চমক দেখানোর কিছু নেই।" আবাহনী পুলের ক্রিকেটার সাকিব-সহ পাঁচ ক্রিকেটারের নাম নিবন্ধন করেছে প্রথম দিন। এই পাঁচজনেরই দলবদলপর্ব শেষ। দলের বাকিরা পুরোনো খেলোয়াড়। তাই তাদের নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার দরকার নেই, শুধু টোকেন জমা দিলেই হবে। সাকিব দল ছেড়ে আবাহনীতে গেলেও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মেহরাব হোসেন জুনিয়র এবং আইসিএল ফেরত জাতীয় দলের সাবেক স্পিনার মোশারফ হোসেন রুবেলকে নিয়ে বেশ ভাল দলই গড়েছে বিমান। আগের মৌসুমের নয় জনকে ধরে রেখে নতুন নয় ক্রিকেটার দলে ভিড়িয়েছে তারা। নিষিদ্ধ ক্রিকেট লিগ আইসিএল এ যোগ দেয়ায় গত মৌসুমে ঘরোয়া লিগে খেলা হয়নি রুবেলদের। আবার সেই পরিচিত আঙ্গিনায় ফিরতে পেরে বেজায় খুশি রুবেল। বললেন,"গত মৌসুমে খেলতে না পারায় আফসোস লেগেছে। এবার ঢাকা লিগে ভালো খেলে আবার জাতীয় দলে ফিরতে চাই।" কলাবাগান ক্রীড়া চক্রও প্রথম দিনই প্রায় দলবদল সেরে নিয়েছে। ১৩ ক্রিকেটারের নাম নিবন্ধন করেছে তারা। পারটেক্স নিবন্ধন করেছে ১০ জনকে। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির পক্ষে নাম লিখিয়েছেন ১১ ক্রিকেটার। অবশ্য দলবদল উদ্বোধন করেছে ক্রিকেট কোচিং স্কুল। ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট লিগ কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম দিন মোট ৫৪ জন ক্রিকেটারের নাম নিবন্ধন হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২০৮ ঘ.