ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেয়ার পর তেমন কোন কাজই করার সুযোগ পাননি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)। ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যক্তিগত কাজ নিয়েই। অবশ্য সময়-সুযোগ পেলে তিনি যে বিসিবির কাজ-কর্মের খোঁজ খবর একেবারেই রাখেন না, তা কিন্তু নয়। বলতে গেলে, নিজেকে গুছিয়ে নিয়েই পুরোদমে কাজ শুরু করবেন। আর তা শুরু হবে পরিচিতি পর্ব দিয়ে। আগামী ১ অক্টোবর জাতীয় দলের ক্রিকেটার, জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি এবং বোর্ড পরিচালকদের সঙ্গে পরিচিতি সভায় বসবেন নতুন সভাপতি সাংসদ মোস্তফা কামাল।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রান্তিক পর্যায় থেকে সব কিছু বুঝে নিতেই নতুন সভাপতি আগে সবার সঙ্গে পরিচিত হবেন। এতে কাজের সুবিধা হবে বলে মনে করেন তিনি।"
২৪ অক্টোবর বিসিবির সভাপতি হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েই নিজের কর্মপরিকল্পনার কথা জানিয়ে দেন মোস্তফা কামাল। ফাইল দেখা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে তাই এই পদক্ষেপ নিয়েছেন মোস্তফা কামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৪৯ ঘ.
bdnews24