২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারভাজনকে আগে বল না দেওয়ায় বিস্মিত শোয়েব

ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক রীতিমতো অবাকই হন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সিদ্ধান্তে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক রীতিমতো অবাকই হন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সিদ্ধান্তে। বিশেষ করে, ২৬তম ওভারে হারভাজন সিং-এর হাতে ধোনির বল তুলে দেওয়ার আগেই মোহাম্মদ ইউসুফ ও শোয়েব মালিক অর্ধশতকের একটি জুটি গড়ে তোলেন। তাই মালিক নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি। বলেই ফেলেন, "আমার মনে হয় হারভাজনের হাতে ধোনির আরও আগেই বল তুলে দেওয়া উচিত ছিল।" ম্যাচ সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে শোয়েব বলেন, "আমাদের তিন উইকেট পড়ে গিয়েছিল। আরেকটি উইকেট পড়লে নিঃসন্দেহে বিপদে পড়ে যেতাম।" পাকিস্তান ১৫ ওভারে ৬৫ রান তুলতেই ৩ উইকেট খুইয়েছিল। অথচ এমন একটা পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনি কি না হারভাজন সিংকে বাদ দিয়ে বল তুলে দেন পার্টটাইম বোলার বিরাট কোহলি ও ইউসুফ পাঠানের হাতে। এর পুরো ফায়দা লোটেন শোয়েব মালিক ও মোহাম্মদ ইউসুফ। শোয়েব ১২৬ বলে ১২৮ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন। কিন্তু নিজের সিদ্ধান্তের ব্যাপারে কোনো সংশয় নেই ধোনির। তার মতে, পার্টটাইম বোলারের আগে হারভাজনের হাতে বল তুলে দিলে ব্যাটসম্যানরা দেখেশুনে খেলতে বাধ্য হতেন। এই ফাঁকে সিনিয়র বোলারদের ওভারও ফুরিয়ে যেত। তিনি বলেন, "তাই আমি চেয়েছিলাম হারভাজনের বিপক্ষে ব্যাটসম্যানদের শট খেলতে বাধ্য করতে।" গ্র"প এ-এর দুই ম্যাচের দু'টিতেই জয় পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে পাকিস্তান। তাই ফুরফুরে মেজাজে আছেন পাকিস্তানি অধিনায়ক ইউনিস খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৯৩৭ ঘ.