ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নয়। তারপরও ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ ফাইনালের চেয়ে বড় কিছু! অন্তত উপমহাদেশের ক্রিকেটামোদীদের কাছে। হার মানতে চায় না কোনো পক্ষ। তাই রীতিমতো জানবাজি রেখে খেলছেন ক্রিকেটাররা। শোয়েব মালিক ও মোহাম্মদ ইউসুফের মারমুখী অর্ধ শতকে পাকিস্তান ৪০ ওভারে রান তুলেছে তিন উইকেটে ২১৭।
এখন ব্যাট করছেন শোয়েব মালিক ৮৪ রান নিয়ে। তাকে সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ ইউসুফ। ৬৩ রানে অপরাজিত রয়েছেন তিনি।
সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে শনিবার চিরপ্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং-এ নামে পাকিস্তান। কিন্তু শুরুটাকে মোটেও ভালো হয়নি। দলীয় ২৯ রানের মাথায় ব্যক্তিগত ২০ রানে আশিষ নেহরার বলে হারভাজন সিং-এর হাতে ধরা পড়ে বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজির।
অপর উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল ২২ বলে ১৯ রান করে নেহরার বলে সরাসরি বোল্ড হন। তখন দলের রান ছিল ৫৩।
সুবিধা করতে পারেননি অধিনায়ক ইউনিস খান। দলীয় ৬৫ রানের মাথায় ব্যক্তিগত ২০ রানে হারভাজন সিং-এর বলে উইকেটের পেছনে ধরা পড়েন। ৩৩ বল খেলে সীমানার ওপারে বল পাঠিয়েছেন তিনবার।
ভারত দল: গৌতম গম্ভির, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুরেশ রাইনা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, হারভাজন সিং, ইউসুফ পাঠান, আর পি সিং, আশিষ নেহরা ও ইশান্ত শর্মা।
পাকিস্তান দল: ইমরান নাজির, কামরান আকমল, শোয়েব মালিক, ইউনিস খান (অধিনায়ক), মোহাম্মদ ইউসুফ, উমর আকমল, শহীদ আফ্রিদি, নাভিদ-উল-হাসান, মোহাম্মদ আমির, সাঈদ আজমল ও উমর গুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২২৫ ঘ.
bdnews24