ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোলিং মেশিন থেকে একের পর এক বল বেরিয়ে আসছিল। আর স্ট্রেইট ড্রাইভ, কাট, সুইপ এবং রিভার্স সুইপ খেলার চেষ্টা করছিলেন স্পিনার এনামুল হক জুনিয়র। ইনডোর নেটে কিছু বল খেলেছেন মারমুখী ঢঙ্গে, কিছু বল ঠেকিয়েছেন রক্ষণাত্মক ভঙ্গিতে। আবার পরাস্তও হয়েছেন কোনো কোনো বলে। কাছে দাঁড়িয়ে নিবিড় পর্যবেক্ষণ করছিলেন কোচ জেমি সিডন্স। শুধরে দিচ্ছিলেন ভুল। শট নেওয়ার সময় পায়ের অবস্থান, ব্যাট চালানো সব কিছুই নিখুঁত করতে বলছিলেন বারবার।
১১ নম্বর ব্যাটসম্যানের কাছ থেকেও রান চান জেমি সিডন্স। প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা যেখানে শেষ করবেন লেজের ব্যাটসম্যানদের রান করতে হবে সেখান থেকেই। বোলাররাই সাধারণত লেজের ব্যাটসম্যান। তাই প্রত্যেক বোলারকেই ব্যাটিংয়ে অভ্যস্ত করতে চাইছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ। তাদের ম্যাচ উইনার হিসেবে দেখতে চান এই অস্ট্রেলীয় কোচ।
"টপঅর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলে লেজের ব্যাটসম্যানরা যেন খেলার নিয়ন্ত্রণ নিতে পারে, সেভাবেই তৈরি করা হচ্ছে বোলারদের। প্রত্যেক বোলারকেই ব্যাটিং ভাল করে শিখতে হবে। তাদের ব্যাট থেকে অল্প কিছু রান এলেও ম্যাচ জেতা সম্ভব," বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন সিডন্স।
তাই বলে ভুলে যাননি ব্যাটসম্যানদের কথা, বরং নেট প্র্যাকটিসে তাদের ওপর বাড়তি নজর দিচ্ছেন সিডন্স। বিশেষ করে, সুইপ এবং রিভার্স সুইপে অভ্যস্ত করতে অনেকটা সময় ধরে ব্যাট করতে হয়েছে প্রত্যেককে। সুইপ শটে সবাইকে পাকিয়ে তোলার ইচ্ছে কোচের। বলেন, "এখন বেশির ভাগ দেশেই স্পোর্টিং ইউকেট বানানো হয়। প্রতিটি দলই স্পিনকে কাজে লাগাতে চেষ্টা করে। এ অবস্থায় সুইপ শট বেশ কাজে দেয়।"
অনুশীলনে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তো হয়েছেই, সঙ্গে জিম এবং রানিংও করেছেন ক্রিকেটাররা। সাকিব আল হাসান দলের সঙ্গে অনুশীলন না করলেও ব্যাট নিয়ে আলাদাভাবে নক করেছেন। রোববার মিরপুর স্টেডিয়ামের মূল উইকেটে ব্যাটিং, বোলিং অনুশীলনের কথা রয়েছে।
এদিকে দ্বিতীয় মেয়াদে চুক্তির শর্ত নিয়ে রোববারই ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান কোচ। তবে এরই মধ্যে ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯১৯ ঘ.
bdnews24