২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট দলগুলোর কোনো শ্রেনীকরণ মানবে না পাকিস্তান

কদিন ধরে টেস্ট খেলুড়ে দশটি দলকে শক্তিশালী ও দুর্বল- এ দু'ভাগে ভাগ করে তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ানোর কথা উঠছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আগামী মাসে জোহানেসবার্গে অনুষ্ঠেয় আইসিসির বৈঠকে বিষয়টি আলোচনার জন্য তোলা হলে তারা এর বিরোধিতা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 12:48 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কদিন ধরে টেস্ট খেলুড়ে দশটি দলকে শক্তিশালী ও দুর্বল- এ দু'ভাগে ভাগ করে তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ানোর কথা উঠছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আগামী মাসে জোহানেসবার্গে অনুষ্ঠেয় আইসিসির বৈঠকে বিষয়টি আলোচনার জন্য তোলা হলে তারা এর বিরোধিতা করবে। পিসিবির চিফ অপারেটিং অফিসার ওয়াসিম বারী পিটিআইকে বলেন,"আমরা কোথাও থেকে এ ধরনের প্রস্তাব আসার সম্ভাবনা দেখছি না। তারপরও যদি আইসিসির আসন্ন সভায় এ ধরনের কোনো প্রস্তাব আসে তবে আমরা এর বিরোধিতা করব।" পাকিস্তানের বিরোধিতার পেছনে কারণটি হচ্ছে, শক্তিশালী ও দুর্বল দলে দশটি টেস্টখেলুড়ে দলকে ভাগ করা হলে বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকা পাকিস্তানেরও দ্বিতীয় সারিতে পড়ার আশঙ্কা রয়েছে। এ মুহুর্তে র‌্যাঙ্কিংয়ে তাদের পেছনে আছে শুধু নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। ওয়াসিম বারী বিরোধিতার কারণ জানাতে গিয়ে বলেন,"প্রথম কথা হচ্ছে, আমরা কোনোভাবেই এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) ক্যালেন্ডারে বিভেদ সমর্থন করি না। তাছাড়া কারো পক্ষেই পাকিস্তানকে দ্বিতীয় সারির দল হিসাবে বিবেচনা করার সুযোগ নেই।" আইসিসি অবশ্য এ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছেই- এ ধরনের কোনো ইঙ্গিত এখনও দেয়নি। বরং গত মে মাসে এক সাক্ষাৎকারে আইসিসির প্রধান নির্বাহী হারুন লোরগাত বলেছিলেন," ব্যক্তিগতভাবে আমি এ ধরনের শ্রেণীবিভাগ পছন্দ করি না। আমি মনে করি, খেলাটাকে ঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। শ্রীলঙ্কা খুবই আকর্ষণীয় একটা দল। পাকিস্তানও একটি দুর্দান্ত দল। আমরা কেন চাইব তাদের বাইরে রাখতে?" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮৩৯ ঘ.