সেঞ্চুরিয়ন, সেপ্টেম্বর ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫৫ রানে হেরেছিল তারা। তবে বৃহস্পতিবার প্রথম জয় পেয়েছে স্বাগতিকরা। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে গ্রায়েম স্মিথের দল।
স্বাগতিকদের জয়ের পথ সুগম করে দিয়েছিলেন ওয়েন পারনেল। বাঁ হাতি এই পেসার ৫৭ রানে ৫ উইকেট নেয়ায় ২১৪ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
অবশ্য ওই ২১৪ রানও যে স্বাগতিকরা খুব সহজে পেরিয়েছে তা কিন্তু নয়। ড্যারিল টাফিসহ নিউজিল্যান্ডের অন্য বোলাররা সব সময়ই চাপে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। গ্রায়েম স্মিথকে (৭) ফিরিয়ে প্রথম আঘাত হানার পর আরেকটি উইকেটও পেয়েছেন টাফি। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে হাশিম আমলা (৩৮) এবং জ্যাক ক্যালিস (৩৬) ৫২ রান তোলার পর স্বল্প বিরতিতে দুই উইকেট হারালেও এবি ডিভিলিয়ার্সের হার না মানা ফিফটি (৭০*) ৮ দশমিক ৫ ওভার বাকি থাকতেই জয় এনে দেয় দক্ষিণ আফ্রিকাকে।
সকালে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানে রাইডারকে (৮) হারায় নিউজিল্যান্ড। পারনেলের প্রথম শিকার হয়ে রাইডারের ফেরার পর শুধু আরেক ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম (৪৪), রস টেলর (৭২) আর এলিয়টই (৩৯) পেরেছেন কিছুটা প্রতিরোধ গড়তে। সে কারণেই ৪৭ দশমিক ৫ ওভারে ২১৪ রান করে ড্যানিয়েল ভেট্টোরির দল। স্বাগতিকদের মোটামুটি সহজ এক জয়ের লক্ষ্য এনে দিতে স্টেইন আর ভ্যানডার মারউই-ও নেন দুটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২১৫৫ ঘ.
bdnews24