ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার কাছে শীর্ষ স্থান খুইয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু নটিংহ্যামে ইংল্যান্ডকে বৃহস্পতিবার ১১১ রানে হারিয়ে আইসিসি র্যাংকিং-এ আবারও শীর্ষ স্থান দখল করেছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, সাত ম্যাচের ন্যাটওয়েস্ট সিরিজে ৬-০ তে এগিয়ে গিয়ে দক্ষিণ আফ্রিকাকে টপকে গেছে অস্ট্রেলিয়া। কিন্তু পয়েন্টের ব্যাবধান খুবই কম। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক নম্বর দল হিসেবে খেলতে চাইলে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটিও জিততে হবে।
কিন্তু রোববারের শেষ ম্যাচে হেরে গেলে অস্ট্রেলিয়া নেমে যাবে তৃতীয় স্থানে, দক্ষিণ আফ্রিকা ও ভারতের পেছনে।
নটিংহ্যামের ট্রেন্টব্রিজে উদ্বোধনী ব্যাটসম্যান টিম পেইনের ১১১ রানের ওপর ভর করে অস্ট্রেলিয়া ৫০ ওভারে আট উইকেটে রান করে ২৯৬। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪১ ওভারে ইংল্যান্ড অল-আউট হয়ে যায় ১৮৫ রানে।
চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী মঙ্গলবার শুরু হবে দক্ষিণ আফ্রিকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৫ ঘ.
bdnews24