ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শচীন রমেশ টেন্ডুলকার সেঞ্চুরি পেয়েছেন। ভারত ইনিংস শেষ করেছে ৩১৯ রানে। এ ম্যাচে জয় তাদের প্রাপ্যই ছিল। জিতেছেও।
সোমবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিক শ্রীলংকাকে ৪৬ রানে হারিয়ে বিজয় মঞ্চে ট্রফি তুলেছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম বরাবরই রানের খরায় ভুগে। তাই আগে ব্যাটিং নেয়াটাই বুদ্ধিমানের কাজ। টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি ভারতের অধিনায়ক। রাহুল দ্রাবিড়কে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে উদ্বোধন করেন মাস্টার ব্যাটসম্যান টেন্ডুলকার। দারুণ সব স্ট্রোক খেলে লিটল জিনিয়াস নিজেকে আরেকবার মেলে ধরেন সেরাদের সেরা হিসেবে। অর্ধশত, এরপর শতক। একদিনের ক্রিকেটে এটি তার ৪৪তম শতক। অভাবনীয় সাফল্যের গৌরবগাথা এই সেঞ্চুরিগুলো টেন্ডুলকারকে আলাদা করেই চেনায়।
রাহুল দ্রাবিড়ের সঙ্গে উদ্বোধনী জুটি হয় ৯৫ রানের। ব্যক্তিগত ৩৯ রানে জয়াসুরিয়ার বলে দিলশারেন হাতে ক্যাচ দেন দ্রাবিড়। এরপর অধিনায়ক ধোনিকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয় আরো ১১০ রান। ৫৬ রানে বিদায় নেন ধোনি। যুবরাজ সিং এসে টেন্ডুলকারকেই ইনিংস টেনে নেওয়ার সুযোগ দেন।
১৩৮ রান তুলে অবশেষে মেন্ডিসের বলে পরাস্ত হন শচীন। ভারতের সংগ্রহে তখনই জমা ছিলো ২৭৬ রান। বাকি ৪৪ রান যোগ হতে দুই উইকেট হারায় সফরকারী দল। ৫৬ রানে অপরাজিত থাকেন যুবরাজ।
শ্রীলংকার সামনে ছিল প্রতিশোধের মিশন। দেশের মাটিতে একদিনের ক্রিকেটে টানা দুই ট্রফি হারের জ্বলা মেটানোর দিন। উল্টো জ্বলতে হবে হয়তো ভাবতে পারেননি লঙ্কান দলপতি কুমার সাঙ্গাকারা। কিন্তু বড় জুটি না হওয়ায় তাদের পরাজয়ের তিলকই পড়তে হয়। তারপরেও তিল তিল করে রানটা অনেক দূর টেনে নিয়ে গেছে স্বাগতিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/০০০১ঘ.
bdnews24