ঢাকা, সেপ্টেম্বের ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - ক্যালাম ফার্গুসন ও ক্যামেরোন হোয়াইটের অর্ধ শতকে লড়াইয়ের মতো পূঁজি পেয়েছে অস্ট্রেলিয়া। ৫ উইকেটে রান তুলেছে ২৬০। জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ২৬১।
ন্যাটওয়েস্ট সিরিজের প্রথম একদিনের ম্যাচে লন্ডনের কেনিংটন ওভালে শুক্রবার টস জিতে ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস অস্ট্রেলিয়াকে ব্যাটিং-এ পাঠান।
অসি উদ্বোধনী ব্যাটসম্যান টিম পেইন রানের হিসাব খোলার আগেই দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। তখন দলের রান ছিল ১১।
হোয়াইট ও অপর উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ৮২ রানের জুটি বেঁধে দলকে অনেকখানি এগিয়ে নিয়ে যান। দলীয় ৯৩ রানের মাথায় জুটি ভাঙে ওয়াটসনের বিদায়ে। পল কলিংউডের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে ৫০ বলে ৪৬ রান করেন ওয়াটসন। সীমানার ওপারে বল পাঠান ছয়বার।
হোয়াইটও রান আউট হয়ে বিদায় নেন দলীয় ১১১ রানের মাথায়। ৭১ বলে ৫৩ রান করেন তিনি। চার মেরেছেন ৭টি।
এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল ক্লার্ক রক্ষণাত্মক ব্যাটিং করলেও মারমুখী হয়ে ওঠেন ক্যালাম ফার্গুসন। ৭২ বলে ৪৫ রান করে দলীয় ১৯০ রানের মাথায় কলিংউডের বলে ওয়াইজ শাহর হতে ধরা পড়েন ক্লার্ক। চার মেরেছেন মাত্র তিনটি।
আর ফার্গুসন অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করে ৭৫ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। দড়ির ওপারে বল পাঠিয়েছেন তিনি পাঁচবার।
তবে ইনিংসের শেষের দিকে রানের গতি বাড়িয়ে তোলেন মাইক হাসি ও জেমস হোপস। ১৫ বলে ২০ রান করে রায়ান সাইডবটমের বলে সরাসরি বোল্ড হন হাসি। তখন দলের রান ছিল ২৩৭। মাত্র দশ বল খেলে ১৭ রানে অপরাজিত ছিলেন হোপস।
ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ঘুরিয়ে-ফিরিয়ে সাতজন বোলার ব্যবহার করেন। তাদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন কলিংউড। ৯ ওভার বল করে ৪৭ রান দিয়ে ২ উইকেট নেন। সাইডবটম ৪৮ রানে নিয়েছেন ১ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৫৫ ঘ.
bdnews24