২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব-মাশরাফির রেকর্ড পারিশ্রমিক ঘরোয়া ক্রিকেট নিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে

দিন-তারিখ ঠিক বলতে না পারলেও প্রায় এক বছর আগে ফুপাতো ভাই সাবেক জাতীয় ফুটবলার মেহেদী হাসান উজ্জলের সঙ্গে আবাহনী ক্লাবে গিয়েছিলেন সাকিব আল হাসান।বছর না ঘুরতেই আবার ওই ক্লাবে পা পড়লো তার। এবার ক্লাব বা কারো সঙ্গে দেখা করতে নয়, খোদ দলটির সঙ্গে গাঁটছড়া বাধাই ছিল জাতীয় দলের এই ক্রিকেটারের উদ্দেশ্য। এবং তা হলো বেশ জানান দেওয়ার মতো করেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিন-তারিখ ঠিক বলতে না পারলেও প্রায় এক বছর আগে ফুপাতো ভাই সাবেক জাতীয় ফুটবলার মেহেদী হাসান উজ্জলের সঙ্গে আবাহনী ক্লাবে গিয়েছিলেন সাকিব আল হাসান। বছর না ঘুরতেই আবার ওই ক্লাবে পা পড়লো তার। এবার ক্লাব বা কারো সঙ্গে দেখা করতে নয়, খোদ দলটির সঙ্গে গাঁটছড়া বাধাই ছিল জাতীয় দলের এই ক্রিকেটারের উদ্দেশ্য। এবং তা হলো বেশ জানান দেওয়ার মতো করেই। মঙ্গলবার সর্বোচ্চ ২০ লাখ টাকা পারিশ্রমিকে আবাহনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন ওয়ানডে শীর্ষ অল-রাউন্ডার সাকিব। তার সঙ্গী হলেন মাশরাফি বিন মুর্তজাও। আবাহনীর ক্রিকেটার হিসেবে মাশরাফির পরিচয় অবশ্য আগেই। গত মৌসুমে মাশরাফির নেতৃত্বেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে হ্যাট্রিক শিরোপা জেতে আবাহনী। সাকিব-মাশরাফির মতো আইকনদের কাছে সমর্থকদের প্রত্যাশা অনেক। তাদেরও অজানা নয় বিষয়টা। সাকিব বললেন,"নিশ্চয়ই সাফল্যের প্রত্যাশা নিয়ে আমাদের দলে নিয়েছে আবাহনী। ভাল সম্মানীও দিচ্ছে তারা। সমর্থকদের প্রত্যাশার প্রতি সম্মান রেখেই খেলতে রাজি হয়েছি। সাধ্যমত সেরাটা খেলার চেষ্টা করবো।" অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আবাহনীতে থেকে যাওয়ার পেছনে কেবল টাকাই কাজ করেনি। জানালেন, দায়িত্ব বোধই তাকে ধানমন্ডি ছাড়তে দেয়নি। "গতবছর স্বচ্ছন্দে খেলেছি আবাহনীতে। হাঁটুতে চোট থাকায় কর্মকর্তারা আমাকে প্র্যাকটিসের জন্য চাপ দেননি। বরং সব ধরণের সহযোগিতাই করেছেন। এ বিষয়গুলোর জন্যই আবাহনীতে থাকছি," বললেন মাশরাফি। আবাহনীর আশাবাদ হ্যাট্রিক শিরোপা জয়ের পরই এ মৌসুমে তামিম, মাশরাফির সঙ্গে সাকিবকে দলে নেয়ার ইচ্ছে পূরণ হয়েছে আবাহনীর। দলের ক্রিকেট কমিটির সহ-সভাপতি ও ক্লাব পরিচালক সাংসদ নাজমুল হাসান বলেন,"পুরনোদের সঙ্গে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার নিয়ে ভাল দল বানিয়েছি আমরা। দেশের সেরা তিন ক্রিকেটার আছে আমাদের দলে। আশা করি সাফল্যের ধারায়ই থাকবে আবাহনী। হাঁটুর চোট নিয়েই গত মৌসুমে লিগ খেলেছেন মাশরাফি। আরেকটি ঘরোয়া মৌসুম শুরুর আগেই দুই হাঁটুতে অপারেশন করাতে হয়েছে। অপারেশন সফল হলেও খেলার অবস্থায় ফিরতে আরো দ্ইু মাস অপেক্ষায় থাকতে হবে মাশরাফিকে। তারপরও তার ওপর ভরসা রাখছে আবাহনী। নাজমুল হাসান বলেন,'হাঁটুর চোট উপেক্ষা করে মাশরাফি দলের জন্য যে ঝুঁকি নিয়েছে গতবার, তা ছিল নজিরবিহীন ঘটনা। এবার অসুস্থ থাকলেও তাকে দলে রাখতাম আমরা। খেলতে পারবে আবাহনীর জন্য অবশ্যই এটা সুখবর। " নতুন প্রত্যাশা এক বছর আগেও ভাবা যায়নি ঢাকা লিগে ২০ লাখ টাকা পারিশ্রমিক পেতে পারেন ক্রিকেটাররা। সেই স্বপ্নই এখন সত্যি হয়েছে। একাধিক ক্রিকেটার এ অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন এ মৌসুমে। সাকিবের মতে,"এবারের পারিশ্রমিক থেকেও প্রমাণ হয় বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভাল খেলছি আমরা।" সব মিলিয়ে ছবিটা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যে উৎসাহিত ক্রিকেটার আর ক্লাব উভয়েই উদ্যোগী হয়েছেন ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয়তা ফেরাতে। তারই ধারায় মাশরাফি-সাকিবকে নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করলো আবাহনী। 'নড়াইল এক্সপ্রেস' মনে করেন, এ ধারা অব্যাহত থাকলেই ঘরোয়া ক্রিকেট ফিরে পাবে তার হারানো জৌলুস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২০৪১ঘ.