করাচি, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ক্ষতিপূরণের বিনিময়ে আইসিসির সঙ্গে বিবাদ মিটে যাওয়ায় ২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তানের আয়োজক না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সোমবার নামপ্রকাশে অনিচ্ছুক এক পিসিবি কর্মকর্তা এ কথা জানান।
নাজুক নিরাপত্তা পরিস্থিতির খেসারত হিসেবে আগামী বিশ্বকাপে পাকিস্তান থাকছে শুধু অংশগ্রহণকারী দল হিসাবেই।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন,"আমরা এখন শুধু একটি অংশগ্রহণকারী দেশ হিসাবেই টুর্নামেন্টে অংশগ্রহণ করব, আয়োজক দেশ হিসাবে নয়।"
নিরাপত্তার কারণে গত এপ্রিল মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এমন ১৪টি ম্যাচ সরিয়ে বিশ্বকাপের সহ-আয়োজক ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে বণ্টন করে দেয়।
বিষয়টি পাকিস্তানের পছন্দ না হওয়ায় তারা আইসিসির বিরুদ্ধে আইনি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার দুবাই বৈঠকে আইসিসি প্রধান ডেভিড মরগ্যান ১৪টি ম্যাচের ম্যাচ ফি ছাড়াও অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে রাজি হওয়ায় পিসিবি সে লড়াই থেকে সরে আসে।
বুধবার মুম্বাইয়ে বিশ্বকাপ আয়োজক কমিটির বৈঠক আছে। যেখানে পাকিস্তানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আয়োজক হিসাবে নিজেদের দাবি প্রত্যাহার করে নেওয়ায় পাকিস্তান ওই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, "যখন থেকে আমরা আইসিসির সঙ্গে একটি সন্তোষজনক রফায় পৌঁছেছি, তখন থেকেই আমরা আর বিশ্বকাপের সহ-আয়োজক নই। তাই বিশ্বকাপের প্রস্তুতি কিংবা আয়োজকদের মিটিংয়ে থাকা আমাদের জন্য এখন অপ্রয়োজনীয়।"
পাক ক্রিকেট বোর্ড আয়োজকের দাবি থেকে সরে আসায় বেশ মোটা অঙ্কের টাকা পাচ্ছে। ১৪-১৫ মিলিয়ন ডলার পেতে পারে বলে আশা করছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসকে/২৩১১ঘ.
bdnews24