২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড ২০ লাখ টাকায় আবাহনীতে সাকিব

ঢাকা লিগে টানা তিন মৌসুম সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবার যে তার অবস্থান নড়বড়ে তা বলার অপেক্ষা রাখে না। আশরাফুল যখন নতুন দলের খোঁজে অপেক্ষার প্রহর গুনছেন, ঠিক তখনই সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে আবাহনীর সঙ্গে মৌখিক চুক্তি সেরে ফেলেছেন সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা লিগে টানা তিন মৌসুম সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবার যে তার অবস্থান নড়বড়ে তা বলার অপেক্ষা রাখে না। আশরাফুল যখন নতুন দলের খোঁজে অপেক্ষার প্রহর গুনছেন, ঠিক তখনই সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে আবাহনীর সঙ্গে মৌখিক চুক্তি সেরে ফেলেছেন সাকিব আল হাসান। বোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাকিব জানিয়েছেন, ২০ লাখ টাকার বিনিময়ে ঢাকা আবাহনীর হয়েই প্রিমিয়ার লিগ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০০৯-১০ মৌসুমে সাকিবের আবাহনীতে খেলার বিষয়টি নিশ্চিত করেন দলের কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। সাকিব ২০ লাখ টাকা পেলে এটাই হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এ পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক। যদি না আগামী মাসের দল বদলের আগে বাজিমাত করেন অন্য কেউ। শুধু সাকিবই নন, পুলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে নিশ্চিত করেছে আবাহনী। ১৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে তিনি যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছে আবাহনী লিমিটেড। পুলভুক্ত তৃতীয় ক্রিকেটার হিসেবে অধিনায়ক মাশরাফিকে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে পারে আবাহনী। জালাল ইউনুস জানিয়েছেন, মাশরাফির সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নেবেন তারা। অর্থাৎ ঢাকা লিগে আবাহনীর এই সাবেক অধিনায়কের খেলার সম্ভাবনা এবং পারিশ্রমিকের বিষয়টি যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত মৌসুমে আবাহনীর অধিনায়ক ছিলেন পেসার মাশরাফি। তার নেতৃত্বেই হ্যাট্রিক শিরোপা জেতে ধানমন্ডির ক্লাবটি। সেপ্টেম্বরের ২৯, ৩০ এবং ১ অক্টোবর দলবদলের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১২৯ ঘ.