দুবাই, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০১১ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) যে বিরোধ চলছিল, তার সুষ্ঠু সমাধান হয়েছে।
আইসিসি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, দুবাইয়ে এক বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে নিজেদের নাম খারিজ করে নিতে রাজি হওয়ায় এ সমস্যার সমাধান হয়। তবে এজন্য আইসিসিকে গুনতে হবে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ।
পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ২০১১ সালের বিশ্বকাপের সহ-আয়োজক থেকে দেশটির নাম বাদ দেয় আইসিসি। কিন্তু বিষয়টি মানতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। মামলা ঠুকে দেয় আইসিসির বিরুদ্ধে।
বৈঠকে পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট আইসিসি প্রেসিডেন্ট ডেভিড মরগ্যানের প্রস্তাব মেনে নিয়ে মামলা তুলে নিতে রাজি হন। এর বদলে আইসিসি পাকিস্তানে যেসব ম্যাচ হওয়ার কথা ছিল, সেসব ম্যাচের ফি ছাড়াও অতিরিক্ত অর্থ ক্ষতিপূরণ দিতে রাজি হয়।
পাকিস্তানে ১৪টি ম্যাচ হওয়ার কথা ছিল। পরে আইসিসি এই ম্যাচগুলো বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ভাগাভাগি করে দেয়।
বৈঠক শেষে ডেভিড মরগ্যান বলেন, "আমরা একটি চুক্তিতে পৌঁছতে পেরেছি বলে আমি আনন্দিত।" এতে দু'পক্ষের জন্য ভালো হলো বলে তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২১৪৭ ঘ.
bdnews24