লন্ডন, আগস্ট ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আবেগমাখা এক জয় দিয়ে ২০০৬-০৭ মৌসুমে হারানো অ্যাশেজ পুনরুদ্ধার করেছে স্ব্বাগতিক ইংল্যান্ড। লর্ডসে অনুষ্ঠেয় পঞ্চম ও শেষ টেস্টটি জিতে ২-১ ব্যবধানে কাপ ছিনিয়ে নেয় তারা।
ওভাল সিরিজে শেষ টেস্টে সফরকারী অস্ট্রেলিয়ার জন্য স্বাগতিকরা ৫৪৬ রানের কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল। ওভালে রোদ ঝলমলে চতুর্থ দিনের খেলায় একটা সময়ে মাত্র ১৬ রানে ৪ উইকেট পড়ে যায়। তারপরও মাইক হাসি যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল শেষ দিন পর্যন্ত তিনি হয়তো টেনে নিয়ে যেতে পারবেন। কিন্তু সেটি হয়নি শেষ পর্যন্ত।
সাড়ে পাঁচ ঘণ্টা মনোসংযোগের কঠিন পরীক্ষায় টিকে গেলেও শেষে হার মানতে হয় হাসিকে। অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হিসাবে আউট হন অফ স্পিনার গ্রায়েম শনের এক বলে। ব্যক্তিগত ১২১ রান করে তিনি আউট হলে ১৯৭ রানের বড় জয় মেলে স্বাগতিকদের।
রীতিমতো বাঁধভাঙ্গা বিজয়োল্লাসে মেতে ওঠে ইংল্যান্ডের ক্রিকেটাররা। বিজয়ী ইংল্যান্ড দল সারা মাঠ ঘুরে ঘুরে যেন সবার সঙ্গে সে আনন্দ ভাগ করে নেয়। গ্যালারি থেকেও তাদের উল্লাস ধ্বনিতে সিক্ত করে দর্শকরা।
১৬ বছর পর গত চার বছর আগে শিরোপা পুনরুদ্ধারের পর ইংল্যান্ড ফিরতি সিরিজেই ৫-০ ব্যবধানে হেরে অ্যাশেজ হাতছাড়া করেছিল।
এবারের সিরিজে ইংল্যান্ডের পক্ষে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার পাওয়া অধিনায়ক এন্ড্রু ফ্লিনটফ তার প্রতিক্রিয়ায় বলেন,"এমন একটা মূহুর্তে আপনি আসলে জানেন না আপনার কী করা উচিত। কাঁদবেন, না উল্লাস করবেন, লাফাবেন না মাটিতে গড়াগড়ি খাবেন। এটা এমন একটা মূহুর্ত যার জন্য তৈরি হয়ে থাকা যায় না।"
চতুর্থ দিনের খেলা শুরুর পর আগেভাগে ইংল্যান্ড দুটো উইকেট তুলে নিলেও জয়ের জন্য তাদের বিকেলের সেশন পর্যন্ত অপেক্ষা করতে হয়। কারণ জয়টাকে ক্রমেই দূরের করে তুলেছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং এবং মাইক হাসি। তারা ওভাল টেস্টকে ধীরে ধীরে স্বাগতিকদের হাতছাড়া করতে যাচ্ছিলেন।
তাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ওটাই, যখন ইংলিশ অলরাউন্ডার ফ্লিনটফের সরাসরি থ্রো স্ট্রাইকিং এন্ডে থাকা রিকি পন্টিংয়ের স্টাম্প ভেঙে দেয়। হাসির সিঙ্গলস নেওয়ার কলে তিনি দৌড়েছিলেন। ৬৬ করে পন্টিং রান আউট হয়ে গেলে জয়ের ক্ষিদে ফিরে আসে স্বাগতিকদের। এর পরের ওভারেই সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক শুন্য রানে রান আউট হয়ে গেলে জয়ের জন্য সময় গোণাই হয়ে দাঁড়ায় স্বাগতিকদের প্রধান কাজ। মাইকেল ক্লার্ক সফরকারীদের পক্ষে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন।
পন্টিংও বলেন,"ওটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।"
"আমরা ম্যাচটিকে নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য লড়াই শুরু করেছিলাম। ওই পর্যায়ে বেশ ভালোভাবেই তা করতে পেরেছিলাম। কিন্তু পর পর দু' ওভারে দুটো রানআউট আর তারপর একটি স্টাম্পিং আমাদেরকে ম্যাচ থেকে অনেক দূরে সরিয়ে দেয়।"
পন্টিং অবশ্য স্বীকার করেছেন, নাথান হওরিটজের মতো বিশেষজ্ঞ স্পিনারকে দলে না নেওয়াটা তার ভুল হয়েছে। কারণ রোদ ঝলমলে ওভাল উইকেট থেকে হওরিটজ প্রথম দিন থেকেই স্পিন আদায় করতে পারতেন। তবে পন্টিং নিজেদের হারে উইকেটের কন্ডিশনকে দোষ দেননি।
দ্বিতীয় অস্ট্রেলীয় অধিনায়ক হিসাবে দু' বার করে অ্যাশেজ হারা অধিনায়কের তালিকায় উঠলো পন্টিংয়ের নাম। তার আগে কেবল বিলি মারডকই ঊনিশ শতকের দিকে দু'বার অ্যাশেজ হারা অস্ট্রেলীয় অধিনায়ক। পন্টিংয়ের নেতৃত্বে এর আগে অস্ট্রেলিয়া ২০০৫ সালে অ্যাশেজ হেরেছিল।
শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার জন্য আরও দুঃসংবাদ আছে। ২০০৩ সালের পর এই প্রথম তারা আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানচ্যুত হয়েছে।"
পন্টিং বলেন,"আমি মনে করি না এই মুহূর্তে আমার চেয়ে অন্য কেউ বেশি হতাশ। আমি অবশ্যই কষ্ট পাচ্ছি, দলের ছেলেরা যেমন কষ্ট পাচ্ছে।"
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩৩২ ও ৩৭৩/৭(ডি.)
অস্ট্রেলিয়া: ১৬০ ও ৩৪৮(হাসি ১২১, পন্টিং ৬৬, ক্যাটিচ ৪৩, ওয়াটসন ৪০; শন ১২০/৪, হার্মিসন ৫৪/৩)
ফলাফল: ইংল্যান্ড ১৯৭ রানে জয়ী।
সিরিজ: ২-১ ব্যবধানে ইংল্যান্ড জয়ী
ম্যান অব দ্য সিরিজ: এন্ড্রু স্ট্রস(ইংল্যান্ড), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসকে/২০২১ঘ.
bdnews24